কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন আজ ৯ মে। নির্বাচনে ছয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে পাঁচজনই আওয়ামী লীগের। তবে চেয়ারম্যান পদে সক্রিয়ভাবে (সরাসরি প্রচারণা) দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এবং বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম।
এ ছাড়া নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে মোহাম্মদ আলী সুমনকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করার জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ছাড়া অন্য চার প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন সিকদার, আওয়ামী লীগের সমর্থক মো. বাবুল হোসেন ও মো. বশিরুল আলম মিয়াজী।
৪ মে উপজেলার গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের একটি পক্ষ সংবাদ সম্মেলন করে। এতে মো. বশিরুল আলম মিয়াজীকে আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী ঘোষণা করা হয়। ওই সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের হামলার ঘটনার পর আওয়ামী লীগের অন্য প্রার্থীরা নিষ্ক্রিয় হয়ে পড়েন। অন্যদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল হাশেম গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে থেকে নির্বাচন করছেন।
আবুল হাশেম বলেন, ‘সব কেন্দ্রেই আমার এজেন্ট থাকবে। মামলা থাকায় প্রচারণায় অংশ নিতে পারিনি। পরিবেশ অনুকূলে থাকলে ভোট দিতে যাব। কিন্তু অবস্থা এমন হয়েছে, সাংসদের ছেলেকে জেতানোর জন্য কেন্দ্র দখলসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের কাছে আমি সুষ্ঠু নির্বাচন চাই।’
মোহাম্মদ আলী দাবি করেন, ‘আমি আওয়ামী লীগের একক প্রার্থী। দল ও ভোটাররা আমার সঙ্গে আছে। দলের অন্য প্রার্থীরা মাঠে নেই। তাঁরা আমার সঙ্গেই আছেন। জনগণের ভোটেই আমি নির্বাচিত হব।’
রিটার্নিং কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রশাসন নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামান জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন সেনা সদস্য, দুই প্লাটুন বিজিবি, র্যা বের চারটি দল, পুলিশের ৯৯০ জন সদস্য ও ১১৪০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কুমিল্লায় বিজিবির একটি ও র্যা বের একটি স্পেশাল দলসহ পর্যাপ্ত পুলিশ অবস্থান করবে। প্রয়োজনে তারা নির্বাচনী এলাকায় আসবে। নির্বাচনে ৯৫টি কেন্দ্রের মধ্যে ৩৬টি ঝুঁকিপূর্ণ। সাধারণ কেন্দ্রে ছয়জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।