অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন উপাচার্য।
গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম এ কথা বলেন। পরে নবনির্মিত গ্রন্থাগারটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেন উপাচার্য। সংবাদ সম্মেলনে উপাচার্যের পক্ষে লিখিত বক্তব্য পড়েন জনসংযোগ ও প্রকাশনা কর্মকর্তা এস এম হাফিজুর রহমান। লিখিত বক্তব্যে তিনি ওই টেলিভিশনে প্রচারিত সংবাদের বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা দেন। পরে উপাচার্য মোহীত উল আলম বলেন, একটি মহল বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই চ্যানেলকে মিথ্য তথ্য দিয়ে সংবাদ প্রচার করতে ইন্ধন দেয়।
গত ১২, ১৩ ও ১৪ মার্চ একটি বেসরকারি টেলিভিশন তিনটি প্রতিবেদন সম্প্রচার করে। ওই সংবাদগুলোতে উপাচার্যের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় থেকে বাসাভাড়া নেওয়া ও নিয়োগসংক্রান্ত বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়।