চুয়াডাঙ্গায় সরকারি শিশু পরিবারের (বালিকা) শিশুরা অনিরাপদ ও প্রতিকূল পরিবেশে বসবাস করছে। মেট্রন কাম নার্সের পদ শূন্য ও দুজন খালাম্মা দীর্ঘদিন প্রেষণে জেলার বাইরে থাকাসহ লোকবল-সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চুয়াডাঙ্গার ১০০ আসনের শিশু পরিবারে বর্তমানে ৯১টি শিশু রয়েছে। তাদের বয়স ছয় থেকে ১৭ বছর। এই শিশুরা স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করছে। এদের জীবনের গল্প প্রায় একই রকম। শৈশবে কারও বাবা বা মা মারা গেছেন। একজনের অবর্তমানে অন্যজন আবার বিয়ে করায় সন্তানের ঠিকানা হয়েছে শিশু পরিবার।
শিশু পরিবার সূত্রে জানা গেছে, এখানে ১৮টি পদের মধ্যে মাত্র নয়জন কর্মরত রয়েছেন। উপতত্ত্বাবধায়ক, সহকারী তত্ত্বাবধায়ক, কম্পাউন্ডার, মেট্রন কাম নার্স, কারিগরি প্রশিক্ষক, একজন করে বাবুর্চি ও এমএলএসএসের পদ দীর্ঘদিন ধরে শূন্য। খালাম্মা নাজমা সুলতানা ও নাজমা আক্তার দীর্ঘদিন ধরে প্রেষণে জেলার বাইরে অবস্থান করছেন। তাই রাতে এখানে শিশুদের চরম নিরাপত্তাহীনতায় থাকতে হয়। শহরের এক প্রান্তে শিশু পরিবারটির অবস্থান। কিন্তু তাদের জন্য সার্বক্ষণিক পাহারার কোনো ব্যবস্থা নেই। বিনোদন ও খেলাধুলার উপকরণ এবং উপযুক্ত পরিবেশও নেই।
একজন নারী সাংবাদিক জানান, তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন, এখানকার বেশির ভাগ মেয়েই বয়ঃসন্ধিকাল অতিক্রম করেছে। মেয়েলি সমস্যায় তাদের খুবই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। বড় শিশুরা ছোটদের সহযোগিতা করে। কিন্তু চিকিৎসক ও সেবিকা না থাকায় বড়দের সমস্যা বলার জায়গা নেই। শিশুরা জানায়, জ্বর-সর্দি হলে তারা রফিক মামাকে (এমএলএসএস রফিকুল ইসলাম ) জানিয়ে ওষুধের ব্যবস্থা করে। রাতে কোনো সমস্যা দেখা দিলে পরদিন অফিস সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। ছুটির দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হয়। সংরক্ষিত এলাকা হলেও পাহারার ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যে বহিরাগত মানুষ ভেতরে ঢুকে পড়ে।
শিশু পরিবারের ভারপ্রাপ্ত উপতত্ত্বাবধায়ক আবু নাসির বলেন, প্রেষণে থাকা খালাম্মাদের ফিরিয়ে আনাসহ শূন্যপদে লোকবল নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়টি উচ্চপর্যায়ে জানানো হয়েছে। মেয়েদের বিশেষ প্রয়োজনের কথা বিবেচনা করে একজন বয়স্ক নারীকে রাতের বেলা এখানে রাখা হয়েছে। তা ছাড়া শিশু পরিবার চত্বরে তিনজন এমএলএলএস ও বাবুর্চিকে রাতে পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে।