ভয়াবহ ঝুঁকিতে থাকা পাবনার বেড়া উপজেলায় আর্সেনিকবিষয়ক কার্যক্রম স্থবির হয়ে আছে। এতে বহু মানুষ অনিরাপদ পানি পান করছে।
২০০০ সালের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষার কাজ বন্ধ রয়েছে। আর্সেনিকে আক্রান্ত ব্যক্তিদের ব্যাপারেও খোঁজখবর রাখা হচ্ছে না।
বেড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন বলেন, ‘আর্সেনিক নিয়ে কী বলব, আমার নিজের গ্রাম জাতসাকিনীতে অন্তত ৭৫ শতাংশ নলকূপে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক রয়েছে। মানুষ নিরুপায় হয়ে সেই পানিই পান করছে। গোটা উপজেলায় আর্সেনিকবিষয়ক কর্মকাণ্ড স্থবির হওয়ার বিষয়টি উদ্বেগজনক।’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী নূরজাহান খাতুন বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষার ব্যবস্থা নেই। তবে আমাদের কার্যালয়ে অনেকেই এসে বিনা খরচে পানি পরীক্ষা করিয়ে নিচ্ছেন। বেড়া উপজেলায় আর্সেনিক পরিস্থিতি যে পর্যায়ে আছে, তাতে সরকারি-বেসরকারি সব সংস্থার এগিয়ে আসা উচিত। আর আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য বেশ কয়েকটি প্রস্তাব আমাদের কার্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে পেশ করা হয়েছে।’
গত ২৬ জুন শরীরে আর্সেনিকোসিসের লক্ষণ নিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন খানপুরা নতুনপাড়া গ্রামের রাসেল (৩৮)। তিনি বলেন, ‘বছর দশেক আগে আমাগরে বাড়ির নলকূপে আর্সেনিক ধরা পড়ছিল। কোনো উপায় না থাকায় বাড়ির সগলে ওই পানিই পান করি। এখন হাতে, পায়ে ও পিঠে গুটি ওঠায় যন্ত্রণা হয়।’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, ২০০০ সালে একটি বেসরকারি সংস্থা উপজেলার ১১ হাজার ৯৪১টি নলকূপের পানি পরীক্ষা করে ৫২ দশমিক ২৭ শতাংশ নলকূপে বিপজ্জনক মাত্রার আর্সেনিক পায়। ২০০৭ সালের পর অপর একটি বেসরকারি সংস্থা উপজেলার মাসুন্দিয়া ও রূপপুর ইউনিয়নে জরিপ চালায়। উপজেলার বাকি সাত ইউনিয়ন ও একটি পৌরসভায় কোনো জরিপ হয়নি। ফলে গোটা উপজেলার কত শতাংশ নলকূপের পানিতে এখন বিপজ্জনক মাত্রায় আর্সেনিক আছে, তা জানা যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলায় এ পর্যন্ত ৪২০ জন আর্সেনিক রোগী পাওয়া গেছে। ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আর্সেনিকে আক্রান্ত রোগীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হলেও তা দায়সারাভাবে করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ওপর সাত মাস ধরে আর্সেনিক রোগীদের খোঁজা ও তথ্য সংগ্রহ বন্ধ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্তিক কুমার সাহা বলেন, ‘মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আর্সেনিক রোগীদের খোঁজ করেছেন। এ ব্যাপারে কোনো অবহেলা করা হয়নি। তবে চলতি বছরের কয়েক মাস এ ধরনের কার্যক্রম বন্ধ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও আর্থিক বরাদ্দ পাওয়া গেলে আবারও এ-সংক্রান্ত কার্যক্রম শুরু হবে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আর্সেনিক রোগী এলে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দেওয়া হয়।’
গত ১৪ বছরে উপজেলায় কতগুলো নলকূপ বসানো হয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় তার সঠিক হিসাব দিতে পারেনি। তবে এ সংখ্যা ২৫ থেকে ৩০ হাজার হতে পারে বলে একাধিক বেসরকারি সংস্থা জানিয়েছে। এসব নলকূপের কত শতাংশে আর্সেনিক আছে, জরিপ না হওয়ায় সে সম্পর্কেও জানা যায়নি। তবে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত উপজেলার রূপপুর ও মাসুন্দিয়া ইউনিয়নে ইউনিসেফের আর্থিক সহায়তায় ওসাকা নামের একটি বেসরকারি সংস্থা আর্সেনিকবিষয়ক কার্যক্রম চালায়। এতে রূপপুর ও মাসুন্দিয়া ইউনিয়নের যথাক্রমে ৭৭ ও ৭৮ শতাংশ নলকূপের পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক এবং ৫৬ ও ৪৬ জন আর্সেনিকোসিসে আক্রান্ত রোগী পাওয়া যায়। ২০০০ সালের পর উপজেলার বিভিন্ন এলাকায় আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য অর্ধশতাধিক সিডকো প্লান্ট, কয়েক হাজার বিভিন্ন ধরনের ফিল্টার, রিংওয়েলসহ নানা পদ্ধতি স্থাপন করা হয়েছিল। কিন্তু এসবের বেশির ভাগই নষ্ট হয়ে গেছে।