অনিরাপদ মল ব্যবস্থাপনায় ব্যাপক পরিবেশদূষণ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে খোলা জায়গায় মলত্যাগ প্রায় পুরোপুরি বন্ধ হয়েছে। এ নিয়ে বাংলাদেশের অর্জন বিশ্বস্বীকৃত। তবে অনিরাপদ মল ব্যবস্থাপনা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বর্জ্যের আধার তৈরি ও সঠিক ব্যবস্থাপনায় জরুরি ব্যবস্থা নিতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে মল বর্জ্য ব্যবস্থাপনা সম্মেলনে (এফএসএম সম্মেলন) এ কথাগুলো বলেন আলোচকেরা। বাংলাদেশ ফেইকাল স্লাজ ম্যানেজমেন্ট নেটওয়ার্ক (এফএসএম নেটওয়ার্ক) এ সম্মেলনের আয়োজন করে। আগারগাঁওয়ের এলজিইডি ভবন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করার ক্ষেত্রে আমাদের সাফল্য ম্লান হয়ে যাচ্ছে পয়োবর্জ্য ব্যবস্থাপনায় আমাদের নাজুক অবস্থার জন্য। এর ফলে জনস্বাস্থ্যের ক্ষতি যা হচ্ছে, তা অপূরণীয়। মল ব্যবস্থাপনায় জরুরি সরকারি উদ্যোগ দরকার।’
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এ এস এম মাহবুবুল আলম বলেন, শহর ও নগর এলাকার মল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি সরকারি পরিকল্পনার যোগ করা প্রয়োজন। গ্রামাঞ্চলের ব্যবস্থাপনা নিয়েও আলাদা করে ভাবতে হবে।
উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব দ্য মিশন মার্টিন ফন হুগস্ট্রাটেন, এফএসএম নেটওয়ার্কের সদস্য সংগঠনের মধ্যে প্র্যাকটিক্যাল অ্যাকশনের বাংলাদেশীয় প্রধান হাসিন জাহান, ওয়াটার এইডের প্রধান খায়রুল ইসলাম প্রমুখ।
সম্মেলনস্থলে সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনার পরীক্ষামূলক নানা উদ্যোগের ওপর একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।