
পোশাক খাতের নিরাপত্তা ও কর্মপরিবেশের উন্নতিতে গত তিন বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। তাই বলে থেমে থাকার সুযোগ নেই। একটি পোশাক কারখানাকেও অনিরাপদ রাখা যাবে না। কারণ, একটি দুর্ঘটনাই পোশাক খাতের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
রানা প্লাজা ধসের পর গত তিন বছরে পোশাকশিল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে বক্তারা এসব কথা বলেছেন। এতে পোশাকের পাশাপাশি অন্য শিল্প খাতের নিরাপত্তা এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করার তাগিদও দেন তাঁরা। ‘রানা প্লাজা ট্র্যাজেডি থেকে বেরিয়ে আসা’ শীর্ষক সংলাপটি গতকাল শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হয়।
আজ রোববার রানা প্লাজা ধসের ঘটনার তিন বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষেই সংলাপটি অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের এই দিনে সকাল নয়টার দিকে ফাটল ধরা সাভারে রানা প্লাজা ধসে পড়ে। ভবনে থাকা পাঁচ পোশাক কারখানার হাজার চারেক শ্রমিক চাপা পড়েন। দেশের ইতিহাসে স্মরণকালের বড় এই শিল্প দুর্ঘটনায় নিহত হন ১ হাজার ১৩৬ পোশাকশ্রমিক। ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আহত হন ১ হাজার ১৬৭ জন। গুরুতর আহত ৮১ শ্রমিকের অনেকের অঙ্গহানি হয়। ২১ দিন ধরে উদ্ধারকাজ চলে। অশনাক্ত ২৯১ জনের লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
তিন বছর পরও আহত পোশাকশ্রমিকেরা এখনো বয়ে বেড়াচ্ছেন রানা প্লাজা দুর্ঘটনার ক্ষত। অনেকেই পুরোপুরি সুস্থ হননি। আহত ৭৬০ শ্রমিক দীর্ঘমেয়াদি মানসিক সমস্যায় ভুগছেন। বিশেষ প্রক্রিয়ায় ক্ষতিপূরণ পেলেও অনেক আহত শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। এদিকে তিন বছরেও হাজার প্রাণ হত্যার জন্য দায়ীদের বিচার হয়নি। এ ছাড়া ক্ষতিপূরণের মামলা এক বছর ধরে হাইকোর্টে আটকে আছে।
সিপিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংলাপে কূটনীতিক, শ্রমিকনেতা, পোশাক কারখানার মালিক, আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন শ্রমসচিব মিকাইল শিপার। সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংলাপটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের শুরুতে সিপিডির পক্ষে ‘রানা প্লাজা পরবর্তী অগ্রগতি: পোশাক খাতে দায়িত্বশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক একটি প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এতে তিনি রানা প্লাজা ধসের পরে অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি পিছিয়ে থাকা অনেকগুলো বিষয় উল্লেখ করেন। তাঁর দৃষ্টিতে ঘটনায় দায়ীদের বিচার, জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার আওতায় কারখানার সংশোধন কর্মপরিকল্পনা দাখিল করা, শ্রমিকদের সংগঠন করার অধিকার নিশ্চিত করা, কারখানার সংস্কারে মালিকদের কম সুদে ঋণ দেওয়াসহ কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে।
গোলাম মোয়াজ্জেম বলেন, দুই ক্রেতা জোট ও জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনা (এনটিএপি) আওতায় এখন পর্যন্ত ৩ হাজার ৬৩২টি কারখানার পরিদর্শন শেষ হয়েছে। অ্যাকর্ডের সদস্য কারখানা ভবনের ১১ শতাংশ কাঠামোগত, ৩৭ শতাংশ বৈদ্যুতিক ও ২৪ শতাংশ অগ্নিনিরাপত্তা-বিষয়ক ত্রুটি সংস্কারকাজ শেষ। অন্যদিকে অ্যালায়েন্সের আওতায় থাকা ৪ দশমিক ১ শতাংশ কারখানার পুরো সংস্কার সম্পন্ন। তবে এনটিএপির অধীন কারখানাগুলোর সংস্কার ধীরগতিতে চলছে। এখন পর্যন্ত মাত্র পাঁচটি কারখানার সংশোধন কর্মপরিকল্পনা (ক্যাপ) অনুমোদিত হয়েছে।
গোলাম মোয়াজ্জেম বলেন, কারখানাগুলো বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিতে বেশ এগিয়ে আছে। তবে অগ্নি ও কাঠামোগত সংস্কারে পিছিয়ে আছে। এর কারণ খুঁজে বের করতে হবে। মালিকদের দুই সংগঠনের বাইরের ৯০৯টি কারখানা কোনো পক্ষের নিরীক্ষার আওতায় পড়েনি উল্লেখ করে তিনি বলেন, ‘একটি কারখানাও সংস্কারের বাইরে রাখা উচিত নয়।’
অধ্যাপক রেহমান সোবহান তিনটি বিষয় তুলে ধরেন। তাঁর মতে, রানা প্লাজা দুর্ঘটনা হয়েছে সুশাসনের দুর্বলতার কারণে। শ্রমিকদের উৎপাদনের অংশীদার না ভাবলে পরিস্থিতির উন্নতি হবে না। পোশাকের খুচরা দামের একটি ন্যায্য অংশ কারখানাকে দিতে হবে। তিনি বলেন, ৫ ডলারে যে পোশাক তৈরি হয়, তা ওয়ালমার্টে বিক্রি হয় ২৫ ডলারে। উৎপাদনকারীকে পোশাকের দামের সন্তোষজনক ভাগ দিতে না পারলে রপ্তানি খাতের ওপর নির্ভরশীল দেশগুলোতে সমস্যা চিরকাল থেকে যাবে।
মিকাইল শিপার বলেন, শ্রমসচিব হিসেবে তিনি সামনে দুটি চ্যালেঞ্জ দেখছেন। একটি হলো ট্রেড ইউনিয়ন, অংশগ্রহণকারী কমিটি ও নিরাপত্তা কমিটি গঠন করা এবং অন্যটি হলো সংস্কারকাজ শেষ করা।
সংলাপে শ্রমিকদের চিকিৎসা, তাঁদের ক্ষতিপূরণ, কারখানা সংস্কার, ক্রেতা জোটের ভূমিকা, ট্রেড ইউনিয়ন গঠনে বাধা, সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, পোশাকের দাম, ২০১৮ সালের পরে বাংলাদেশে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের অবস্থান ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, একটি অনিরাপদ কারখানাও পোশাকশিল্পের জন্য হুমকি হতে পারে। বাংলাদেশে অনেক ভালো পোশাক কারখানা আছে, তারা আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালিত হচ্ছে। কিন্তু একটি দুর্ঘটনা ঘটলে ভালো কারখানাগুলো খবরের শিরোনাম হবে না।
একই প্রসঙ্গ টেনে বক্তব্য দেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এদেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি। তিনি বলেন, ‘বাংলাদেশের পোশাক খাতকে তখনই পুরোপুরি নিরাপদ বলা যাবে, যখন প্রতিটি কারখানার সংস্কারকাজ শেষ হবে। কারখানার মালিকদের বলব, আপনারা সংস্কার শেষ করার প্রয়োজনীয়তা বুঝতে চেষ্টা করুন।’
ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুয়েলিনিয়ার বলেন, বাংলাদেশকে সাধারণত তলাবিহীন ঝুড়ি হিসেবে উপস্থাপন করা হয়, যেখানে ক্রেতারা সস্তায় পোশাক কেনার জন্য আসে। এ ধারণা পরিবর্তন হতে সময় লাগবে। তিনি বলেন, ‘বিশ্বের সুন্দর কারখানাগুলোর মধ্যে কয়েকটি এ দেশে অবস্থিত। আমি নিজের চোখে তা দেখেছি। বাংলাদেশের পোশাক খাত বিশ্বের অন্যতম মানসম্পন্ন খাত হওয়ার সুযোগ আছে।’
ভবনধসের ঘটনায় দায়ীদের বিচারসহ বিভিন্ন আইনি দিক নিয়ে কথা বলেন বেসরকারি সংস্থা ব্লাস্টের সম্মানীয় নির্বাহী পরিচালক সারা হোসেন। তিনি বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় দায়ী শুধু সোহেল রানা, নাকি সরকারি সংস্থাগুলো— এ প্রশ্নটি উঠেছে। যদিও সুরাহা হয়নি। পাশাপাশি ক্রেতাদের কমপ্লায়েন্স নিরীক্ষা পরিচালনাকারীরা দায়ী কি না, এ প্রশ্নেরও সুরাহা দরকার।
শ্রমিকনেতাদের মধ্যে ইন্ডাস্টিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব বাবুল আক্তার বলেন, রানা প্লাজা ধসে যে টাকা দেওয়া হয়েছে, তা দান-অনুদান। যাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা, তাদের কাছ থেকে শ্রমিকেরা ক্ষতিপূরণ পাননি, সেটা ১০ টাকা হোক। এ ছাড়া ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে দিলে মালিকেরা কারখানা নিরাপদ করতে বাধ্য হবেন বলে মন্তব্য করেন সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার।
রানা প্লাজা ধসের পর পোশাক খাতে অনেক উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ‘গত দুই বছরে বেশ কিছু দুর্ঘটনা হয়েছে। কিন্তু জীবনহানি ঘটেনি।’
সংলাপে আরও বক্তব্য দেন সাংসদ ইসরাফিল আলম, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট, সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিশেল, স্পেনের রাষ্ট্রদূত এদুয়ার্দো দ্য লাইজিয়েসিয়া, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বিজিএমইএর সাবেক পরিচালক আরশাদ জামাল, শ্রমিকনেতা ওয়াজেদুল ইসলাম খান, শুকুর মাহমুদ, অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ প্রমুখ।
কর্মসূচি: রানা প্লাজা ধসের তিন বছর পূর্ণ হওয়ার দিনে আজ শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তার মধ্যে জুরাইনে শ্রমিকদের কবর জিয়ারত, সাভারে শ্রদ্ধা নিবেদন, আলোকচিত্র প্রদর্শনী এবং ভবনধসে দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন। বিজিএমইএর নেতারা জুরাইনের কবর জিয়ারত করবেন।