অনিরুদ্ধকে উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চায় মানবাধিকার কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে গুম হওয়া ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়কে দ্রুত খুঁজে বের করতে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো কমিশনের আধা দাপ্তরিক চিঠিতে (ডিও লেটার) বলা হয়েছে, ‘রাষ্ট্রের কোনো স্বার্থান্বেষী মানুষ তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে থাকে, তাহলে তা অত্যন্ত দুঃখজনক। এতে জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠা বেড়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়।’

বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ও আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়কে গত ২৭ আগস্ট গুলশানে একটি ব্যাংকের সামনে থেকে এক দল লোক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গতকাল পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এর আগে-পরে ঢাকা থেকে আরও তিনজন নিখোঁজ হন। তাঁদেরও কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। এর মধ্যে ২৬ আগস্ট ধানমন্ডি থেকে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাক আহমেদ, ২২ আগস্ট বনানী থেকে বিএনপির নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাত এবং ২৭ আগস্ট ২০-দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান নিখোঁজ হন। প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলেও পুলিশ কাউকে উদ্ধার করতে পারেনি।

গতকাল জাতীয় মানবাধিকার কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিরুদ্ধ রায়ের স্ত্রী গত সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সঙ্গে সাক্ষাৎ করে একটি লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বরাবর একটি আধা দাপ্তরিক চিঠি দেন। তাতে বলা হয়, অনিরুদ্ধের স্ত্রীর সঙ্গে কথোপকথনে ধারণা হয় যে সম্ভবত ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষ অনিরুদ্ধকে তুলে নিয়ে গেছে। তাঁকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।