নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু কর্মকর্তা-কর্মচারীদের
শিক্ষকদের নামে আপত্তিকর মন্তব্যসহ আট দফা দাবিসংবলিত প্রচারপত্র বিতরণ এবং ব্যানার টানানোর ঘটনা নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল বুধবার দুপুরের পর কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের প্যাড ব্যবহার করে ওই প্রচারপত্র বিলি ও ব্যানার টানানো হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা গতকাল বিকেলে ক্যাম্পাসে টানানো ব্যানার ও সাঁটানো প্রচারপত্র ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেন। এরপর সন্ধ্যায় হিসাব পরিচালকের দপ্তরের কর্মকর্তা সাখাওয়াত হোসেনের কক্ষের কম্পিউটার ভাঙচুর করা হয়। পরে একই বিষয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিলের উদ্যোগ নিলে প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর তাঁদের শান্ত করেন।
তবে, শিক্ষকদের জড়িয়ে প্রচারপত্র বিলি ও ব্যানার টানানোর ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অ্যাসোসিয়েশনের কেউ জড়িত নন বলে দাবি করেছেন সংগঠনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন। গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে তিনি বলেন, একটি কুচক্রী মহল কর্মকর্তা-শিক্ষকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই প্রচারপত্র বিলি করেছেন এবং প্রচারপত্রে তাঁরসহ সংগঠনের নেতৃবৃন্দের মুঠোফোন নম্বর দিয়েছেন।
এদিকে, পাঁচ দফা দাবিতে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। তবে, পরীক্ষা ও সংশ্লিষ্ট কার্যাবলি কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে। এতে গতকাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করে।
অপরদিকে, প্রচারপত্র বিলির ঘটনা জানাজানি হওয়ার পর সন্ধ্যায় ভারপ্রাপ্ত উপাচার্য বিজ্ঞান অনুষদের ডিন আবুল হোসেন কর্মকর্তা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে বিতরণ করা প্রচারপত্রে যেসব মুখরোচক তথ্য দেওয়া হয়েছে, তার সঙ্গে কর্মকর্তাদের কিংবা সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়।
কর্মকর্তা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, শিক্ষকদের জড়িয়ে আপত্তিকর প্রচারপত্রের বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে বৈঠককালে একদল শিক্ষার্থী এসে তাঁর কক্ষে ঢুকে কম্পিউটার ভাঙচুর করেন এবং টেবিলের জিনিসপত্র ছুড়ে ফেলে দেন। এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, পাঁচ দফা দাবিতে গতকাল থেকে তাঁরা অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতি শুরু করেছেন, দাবি না মানা পর্যন্ত তা চলবে।
নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রথম আলোকে বলেন, সমাবর্তন অনুষ্ঠানস্থলে বসার আসন নিয়ে শিক্ষকদের সঙ্গে কর্মকর্তাদের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষক সমিতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের যে কর্মসূচি দিয়েছিল, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে তা প্রত্যাহার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, হিসাব পরিচালকের দপ্তরের কর্মকর্তা সাখাওয়াত হোসেনের কক্ষের কম্পিউটার ও অন্যান্য সামগ্রী কারা ভাঙচুর-তছনছ করেছে, তা তিনি বলতে পারবেন না। সন্ধ্যার পর সাখাওয়াত হোসেন তাঁকে নিয়ে কক্ষটি দেখিয়েছেন।
ভারপ্রাপ্ত উপাচার্য আবুল হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষক সমিতি গতকাল তাদের একাডেমিক কার্যক্রম বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেছে। কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনও নিজেদের মধ্যে আলোচনা করে কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহারে সম্মত হয়েছে। এরই মধ্যে কে বা কারা শিক্ষকদের জড়িয়ে ক্যাম্পাসে আপত্তিকর প্রচারপত্র বিলি করে। এ নিয়ে সন্ধ্যায় শিক্ষার্থীদের মাঝে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে, সন্ধ্যার পর পরিস্থিতি শান্ত হয়।