কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গতকাল সোমবার থেকে শিক্ষানবিশ সেবিকারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। হাসপাতালে গত শুক্রবার চিকিত্সাধীন এক রোগীর ভাইয়ের হাতে একজন শিক্ষানবিশ সেবিকা লাঞ্ছিত হন। রোগীর ওই ভাইকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন তাঁরা। গতকাল ওই সময় পার হওয়ার পরও রোগীর ভাই গ্রেপ্তার না হওয়ায় দুপুর একটায় শিক্ষানবিশ সেবিকারা কর্মবিরতি পালনের কথা ঘোষণা করেন। তাঁদের সঙ্গে একাত্মতা পোষণ করে হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকারাও (সিনিয়র স্টাফ নার্স) আগামীকাল বুধবার থেকে চার ঘণ্টার কর্মবিরতি পালন করবেন।সেবিকাদের প্রতিনিধি আফরোজা খানম প্রথম আলোকে জানান, যত দিন পর্যন্ত দোষী ব্যক্তিকে আইনের আওতায় না আনা হবে, তত দিন পর্যন্ত শিক্ষানবিশ সেবিকারা কর্মবিরতি পালন করবেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে চতুর্থ বর্ষের শিক্ষানবিশ সেবিকা তনুশ্রী সরকারের সঙ্গে ১০ নম্বর কেবিনে চিকিত্সাধীন রোগীর চিকিত্সাসেবা নিয়ে তাঁর ভাই আনিস রহমানের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তনুশ্রীকে লাঞ্ছিত করেন আনিস। এ ঘটনায় ওই দিন রাতে তনুশ্রী সরকার বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মামলা করেন।এ ঘটনা জানার পর হাসপাতালের শিক্ষানবিশ সেবিকারা বিক্ষোভ করেন এবং বিষয়টি তাঁরা হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে সেবিকারা বলেন, এর মধ্যে আনিস রহমানকে গ্রেপ্তার করা না হলে তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন। ঘটনার পরদিন থেকে হাসপাতালে কর্মরত ১৩৮ জন শিক্ষানবিশ সেবিকা গতকাল পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন।গতকাল সোমবার সকালে শিক্ষানবিশ সেবিকারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সিভিল সার্জনকে না পেয়ে ক্ষুব্ধ সেবিকারা তাঁর কার্যালয়ে ভাঙচুর চালান। সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী জয়নাল আবেদীন জানান, দুপুরে হঠাত্ করে বাইরে থেকে ক্ষুব্ধ সেবিকারা স্লোগান দিতে দিতে জানালার দিকে ইট ছুড়ে মারেন।ডিপ্লোমা নার্স অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলার সভাপতি মতিয়ার রহমান প্রথম আলোকে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার ব্যাপারে সময় বেঁধে দেওয়ার পরও কোনো সুরাহা না হওয়ায় সেবিকারা এ ঘোষণা দেন।কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সেবিকা তনুশ্রী সরকারের করা মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। আনিসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।