চুয়াডাঙ্গায় পৌরসভার কাউন্সিলররা গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পৌরসভা বর্জন ও কলমবিরতি শুরু করেছেন। কর্মসূচি থেকে কাউন্সিলরের, তাঁদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধিসহ আট দফা দাবি জানিয়েছেন।
আন্দোলনের অংশ হিসেবে গতকাল চুয়াডাঙ্গার চারটি পৌরসভার নির্বাচিত ৪৮ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরের কেউই পৌরসভায় যাননি এবং অর্পিত দায়িত্ব পালন করেননি। পৌরসভাগুলো হচ্ছে চুয়াডাঙ্গা সদর পৌরসভা, আলমডাঙ্গা পৌরসভা, জীবননগর পৌরসভা ও দামুড়হুদার দর্শনা পৌরসভা।
কর্মসূচি চলাকালে চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলররা গতকাল বেলা ১১টায় পৌর ভবনের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ করেন। এতে প্যানেল মেয়র একরামুল হক সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি ও চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন, খোকন মুন্সী, নাজমুস সালেহীন, রাশেদুল হাসান, আবুল হোসেন, সুলতান আরা, শেফালী খাতুন ও শাহিনা আক্তার।
বক্তারা বলেন, চলতি বছরের ১০ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করেছে। কিন্তু কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা ‘ক’ শ্রেণির পৌরসভায় ৮ হাজার, ‘খ’ শ্রেণির ৭ হাজার এবং ‘গ’ শ্রেণির ৬ হাজার টাকা করা হয়েছে, যা অসম্মানজনক। কাউন্সিলরদের সম্মানী ভাতা যথাক্রমে ২৫ হাজার, ২০ হাজার ও ১৫ হাজার করার দাবি জানিয়ে তাঁরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন।
একইভাবে আলমডাঙ্গা, জীবননগর ও দর্শনা পৌরসভার নির্বাচিত ও সংরক্ষিত কাউন্সিলররাও নিজ নিজ এলাকায় অভিন্ন কর্মসূচি পালন করছেন।
নাগরিকদের ভোগান্তি
এদিকে কাউন্সিলরদের এই আন্দোলনের কারণে পৌরসভার নাগরিকেরা চরম বিপাকে পড়ছে। পৌরসভায় গিয়ে কাউন্সিলরদের না পেয়ে অনেকেই প্রয়োজনীয় কাগজপত্রে সই করাতে পারেনি।
৯ নম্বর ওয়ার্ডের আরামপাড়ার বাসিন্দা প্রতিবন্ধী ফরিদ হোসেন বলেন, নিজের বোনের বিয়ের জন্য তিনি জেলা প্রশাসকের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করবেন। আবেদনে ওয়ার্ড কাউন্সিলরের সই নেওয়া জরুরি। কিন্তু কাউন্সিলর সই না করায় তিনি বিপাকে পড়েছেন।