অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা শিক্ষক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার, বেদখলে থাকা তিব্বতসহ আরও ১০টি হল উদ্ধারসহ বিভিন্ন দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে যে সব বিভাগের পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে, সেগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত থাকার পরও ডিসি হারুন আর রশিদ ও ওসি মনিরুজ্জামানকে প্রত্যাহার করেনি সরকার। তাই শিক্ষক সমিতির জরুরি সভায় প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এ ছাড়া আগামীকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।