অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক ইন্টার্নদের একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশ আজ মঙ্গলবার দুপুর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছেন।

গতকাল সোমবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেলে বিবদমান দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এই কর্মবিরতির ডাক দেওয়া হয়।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ-উল-বারীর ভাষ্য, তাঁদের কমিটির ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। এরপর তাঁরা কর্তৃপক্ষের কাছে ছয় দফা দাবি দিয়েছেন। দাবি না মানলে কর্মবিরতি চলবে।

সূত্র জানায়, পাল্টা কমিটি গঠন নিয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের বর্তমান সভাপতি মাহফুজুল হক তালুকদার ও সাধারণ সম্পাদক আহমেদ-উল-বারীর পক্ষের সঙ্গে ফারহান রহমান পক্ষের বিরোধ চলছে। এর জের ধরে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে মাহফুজুল আহত হন।

ফারহানের ভাষ্য, হোস্টেলে পোস্টার লাগাতে গেলে তাঁদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, পাল্টাপাল্টি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে পরিস্থিতি শান্ত করা হয়।