অনির্দিষ্টকালের জন্য ইউএসটিসি বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ও বিবিএর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জের ধরে কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
ইউএসটিসির সহ-উপাচার্য (প্রো-ভিসি) এ এইচ এম ইসহাক চৌধুরী বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে এমবিবিএস ও বিবিএর শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছি। এর সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই।’
ইউএসটিসি ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ) মহাপরিচালক মো. শওকত আলী জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউএসটিসির এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র কামরুল ইসলাম ও বিবিএর প্রথম সেমিস্টারের ছাত্র ক্রেডিট চাকমা নগরের ফয়েজ লেক এলাকার একটি বাসায় একসঙ্গে থাকেন। গত সোমবার রাতে ওই বাসায় লাইট জ্বালানো নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। ঘটনাটি জানাজানি হলে পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিবিএর শিক্ষার্থীরা এমবিবিএসের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন। পরে দুই পক্ষের বড় ভাইয়েরা বিষয়টির সমাধান করেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিবিএর শিক্ষার্থীরা এমবিবিএসের শিক্ষার্থীদের দেখে উসকানিমূলক মন্তব্য করেন। এর জের ধরে এমবিবিএসের শিক্ষার্থীরা বিবিএর তৃতীয় সেমিস্টারের ছাত্র মিথুন চৌধুরীকে মারধর করেন। খবর পেয়ে বিবিএর শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে আসেন। বেলা দুইটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে প্রশাসনিক ভবনে ভাঙচুর চালানো হয়।
নগরের খুলশি থানার ওসি মাইনুল ইসলাম ভুঁইয়া জানান, কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর বিবিএ ও এমবিবিএস শিক্ষার্থীদের নিরাপদে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সহ-উপাচার্য এ এইচ এম ইসহাক চৌধুরী বলেন, এ ঘটনায় তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।