অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেশন ফি বাড়ানোর প্রতিবাদে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে ইনস্টিটিউটের ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।শিক্ষার্থীদের অভিযোগ, খণ্ডকালীন শিক্ষকদের ভাতা দেওয়ার অজুহাতে অতিরিক্ত সেশন ফি চাপিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার ১০ টাকা করে বর্ধিত ফি দিতে হবে। এ নিয়ে ১৫ দিন ধরে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ভাড়া’ করা শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো এবং শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে প্রতি সেমিস্টারে অতিরিক্ত টাকা আদায় করা অবৈধ। এ জন্য তাঁরা ২০ ডিসেম্বরের মধ্যে এই ফি প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ ব্যাপারে পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আইয়ূব আলী বলেন, ইনস্টিটিউটের শিক্ষক-সংকট কাটাতে আটজন শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শিক্ষককে সম্মানী ভাতা দিতে চলতি সেশন (২০১০-১১) থেকে প্রতি সেমিস্টারে অতিরিক্ত ৩৭৫ টাকা করে আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।