অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।গতকাল রোববার দুপুর একটায় রুয়েটের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তাঁরা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল আজিজ মুন্না। দাবিগুলো হলো: বিভিন্ন বিভাগে বিরাজমান শিক্ষক-সংকট নিরসন করা, আবাসিক হলগুলোতে ইন্টারনেটের ব্যবস্থা করা, ক্যাম্পাসে শহীদ মিনার স্থাপন, টিনশেড হলের প্রাধ্যক্ষের অপসারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ছাত্রী হলের নামকরণ, ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, ক্রীড়াশিক্ষক নিয়োগসহ খেলার মাঠের সংস্কার, ক্যাফেটেরিয়ার খাবারের মানের উন্নয়ন, লোডশেডিং নিয়ন্ত্রণ, আধুনিক অডিটোরিয়াম নির্মাণসহ আবাসন-সংকট নিরসনে নতুন হল নির্মাণ, শিক্ষার্থীদের পরিবহনের জন্য দুটি নতুন বাস ক্রয় এবং গত বছর রুয়েটের ক্যাম্পাসে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডারদের দ্বারা সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচার করা।রুয়েটের উপাচার্য অধ্যাপক এম সিরাজুল করিম চৌধুরী জানান, শিক্ষার্থীদের অধিকাংশ দাবিই যৌক্তিক। প্রয়োজনীয়তা ও সময় বিবেচনা করে শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে রুয়েট প্রশাসন আন্তরিক।