সেশন ফি কমানো ও অধ্যক্ষের অপসারণসহ বিভিন্ন দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ছাত্রছাত্রীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রছাত্রীরা বলেন, ক্যাম্পাসের খেলার মাঠে অধ্যক্ষ গরুর খামার করেছেন, কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বন্ধ ঘোষণা করেছেন, মাসের ২৫ দিন তিনি কলেজে অনুপস্থিত থাকেন।অধ্যক্ষ মো. বাছেদ মিয়া বলেন, ‘দেশের অন্যান্য কলেজের মতো এ কলেজেও ফি নির্ধারণ করা হয়েছে। কলেজমাঠে ঘাস চাষ ও গরুর খামার করার সত্যতা স্বীকার করে তিনি বলেন, অন্যান্য কলেজের ক্যাম্পাসে বাগান করা হয়, ফুল-ফলের চাষ করা হয়, আমরা ঘাস চাষ করেছি।’ তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্রদের খেলাধুলা করতে দিলে ছাত্রীনিবাসের ছাত্রীদের চলাফেরায় বিঘ্ন ঘটে। তাই ক্রীড়া ও সংস্কৃতিচর্চা বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি দাবি করেন, কলেজের কাজেই তাঁকে অনেক সময় বাইরে থাকতে হয়।