অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ কারণে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে কোনো ক্লাস হয়নি।অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান, পর্যাপ্ত প্রকৌশলী শিক্ষক নিয়োগ ও ল্যাব-সুবিধা নিশ্চিত করার দাবিতে এ আন্দোলনের ডাক দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার সময় এসিসিই বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়াসহ বিভিন্ন দাবিদাওয়া পূরণের জন্য স্লোগান দেন।কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন। তাঁরা কর্তৃপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দাবি পূরণ না হলে প্রশাসনিক ভবনসহ প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে দেওয়া হবে। এ ছাড়া সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যাল প্রতিষ্ঠার সময় থেকেই এসিসিই বিভাগের একাডেমিক কার্যক্রম চলছে। বর্তমানে বিভাগটিতে বিভিন্ন ব্যাচে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৫০। কিন্তু বিভাগ চালু হওয়ার আট বছরেও শিক্ষক হিসেবে কোনো কেমি-প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়নি। এতে তাঁরা যথাযথ পাঠগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, সম্প্রতি যেসব শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে একজনের শিক্ষাজীবনের অনিয়ম নিয়ে বিশ্ববিদ্যালয়ে নানা গুঞ্জন রয়েছে। এ-সংক্রান্ত তথ্যপ্রমাণও পরিচালনা পরিষদের সদস্যদের কাছে রয়েছে। কিন্তু এর পরও কর্তৃপক্ষ রহস্যজনক কারণে বিষয়টি আমলে নেয়নি।এ বিষয়ে জানার জন্য উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরে একই বিষয়ে রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে বিজ্ঞান অনুষদের ডিন মো. আবুল হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে তথ্য-উপাত্ত সংগ্রহ করে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান রেজিস্ট্রার।