অনির্দিষ্টকালের জন্য টেকনাফ স্থলবন্দরে ধর্মঘট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের দুই ব্যবসায়ীকে ইয়াবাসহ আটকের প্রতিবাদে গতকাল সোমবার রাত নয়টার দিকে পৌর এলাকার নিজস্ব কার্যালয়ে সাংবদ সম্মেলন করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক সমিতি ও ট্রাক মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দিদার হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক এহতেশামুল হক এবং সদস্য শওকত আলী, আবদুল জব্বার, আকতার ফারুক, যদু চন্দ্র ও মো. কামরুল ইসলাম; আমদানি-রপ্তানিকারক সমিতির মো. শফিকউল্লাহ, আবদুস সালাম, আবদুল লতিফ ও মো. রাশেল। এ ছাড়া ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আবু তাহের ও মো. ইলিয়াছ এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।
ব্যবসায়ী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দিদার হোসেন বলেন, স্থলবন্দরের ব্যবসায়ী মো. জিয়াবুল ও মো. আয়াজকে হয়রানিমূলক ও ইয়াবা দিয়ে আটক দেখানোর প্রতিবাদে বন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, একটি তদন্ত কমিটি গঠন, সত্য ঘটনা খুঁজে বের না করা পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।
বিজিবি সূত্র জানায়, গত রোববার দিবাগত রাত একটার দিকে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরের হাবিলদার উ চিংনু মারমার নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়াবুলকে (৩১) ৪৬টি ও মো. আয়াজকে (২৯) ৪৭টি ইয়াবা বড়িসহ আটক করা হয়া। তাঁরা দুজনই পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে।
এ প্রসঙ্গে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, মো. জিয়াবুল ও মো. আয়াজকে (২৯) ইয়াবা বড়িসহ আটকের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, তাঁরা দুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।