অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-রামগতি সড়ক মেরামতের দাবিতে গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে বাস মালিক ও শ্রমিকদের ছয়টি সংগঠন। সংগঠনগুলো হলো: জেলার বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি, সিএনজিচালিত অটোরিকশা সমিতি, ট্রাক মালিক সমিতি, টেম্পো ও পিকআপ মালিক সমিতি। দুপুরে সরেজমিনে দেখা যায়, সকাল থেকে এই সড়কে বাস, মিনিবাস, টেম্পো, অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে রামগতি ও কমলনগর উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগব্যবস্থা বিছিন্ন হয়ে পড়ে। ফলে এই পথে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এই সড়কে চলাচলকারী মিশু পরিবহনের চালক আবুল কালাম জানান, রাস্তার বেহাল অবস্থার জন্য স্থানীয় লোকজন একাধিকবার অবরোধ কর্মসূচি পালন করেছেন। কিন্তু কোনো উদ্যোগ না নেওয়ায় পরিবহন নেতাদের পরামর্শে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহাজান হাজি জানান, লক্ষ্মীপুর-রামগতি সড়কে প্রতিদিনই বাস, ট্রাকসহ অন্যান্য গাড়ি চলাচল করতে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তিন-চারবার অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু তা আর বাস্তবায়ন করেন না। এ কারণে যাত্রী, চালক ও গাড়ির নিরাপত্তার কথা চিন্তা করেই চালকেরা আজ (বুধবার) থেকে ধর্মঘট পালন করছেন। সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলতে থাকবে। লোকাল বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আল মাসুদ জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সওজ অফিসের সামনে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা সমিতির উদ্যোগে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সওজের লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান মোল্লা জানান, ইতিমধ্যে এই সড়কটি সংস্কারের জন্য সাড়ে ১৮ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। ঠিকাদারদের সঙ্গে চুক্তি হয়ে গেছে। ঠিকাদারেরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তাঁরা সংস্কারকাজ শুরু করবেন। আশা করা যায়, ১০-১৫ দিনের মধ্যে কাজ শুরু হবে। বাস মালিক সমিতির নেতাদের বিষয়টি জানানো হয়েছে।