অনির্দিষ্টকালের জন্য পাবিপ্রবি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের আন্দোলনের জেরে মঙ্গলবার থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয়।

এদিকে সভায় বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্তের খবরে শিক্ষার্থীরা সন্ধ্যার পর থেকে আবারও ক্যাম্পাস অবরুদ্ধ করে রেখেছে। রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে আটকা পরে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষসহ পরবর্তী সকল ব্যাচকে অর্ডিন্যান্সের আওতাভুক্ত করা, হলে ডাইনিংয়ের উন্নয়নে ভর্তুকি প্রদান, ক্লাস রুমে চেয়ার সংকট দুরীকরণ, পরিবহন সংকট দুর করণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ক্যাম্পাসে ওয়াইফাইয়ের ব্যবস্থা করা ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের ব্যবস্থা নেওয়া।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কয়েক দিন ধরেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে আলোচনা করছিলেন। দাবিগুলো জানিয়ে উপাচার্য বরাবর তাঁরা একটি স্মারকলিপিও দিয়েছেন। এর ধারাবাহিকতায় সোমবার সকালে শিক্ষার্থীরা দাবির বিষয়ে জানতে প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়। একপর্যায়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে চাইলে তিনি তাতে সম্মতি দেননি। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হতে থাকেন। তাঁরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে ভবনের সামনে অবস্থান নেন। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ করতে থাকেন। এতে উপাচার্য নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পরেন। বেলা দুইটার দিকে তিনি বিকল্প ফটক দিয়ে বের হয়ে গাড়িতে ওঠেন। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকেন। কয়েকজন শিক্ষার্থী গাড়ির সামনে শুয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে তিনি গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। শিক্ষার্থীরাও তাঁর পিছু নেন। এরপর উপাচার্য দৌড়ে ক্যাম্পাসের ভেতরে নিজ বাংলোতে ঢুকে পরেন। সেখানেও শিক্ষার্থীরা কিছুক্ষণ বিক্ষোভ করে ফিরে যান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে হলে তাঁদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। যেসব খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। অন্যদিকে চেয়ারের অভাবে তাঁদের দাঁড়িয়ে ক্লাস করতে হচ্ছে। যাতায়াতের জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত বাস না থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য একের পর এক গাড়ি কেনা হচ্ছে। সারা দেশের বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই সুবিধা থাকলেও এখানে সে ব্যবস্থা করা হয়নি। এ ছাড়া মাঝে মধ্যে শিক্ষার্থীরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়েও প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

উপাচার্য এম রোস্তম আলী প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় রিজেন্ট বোর্ডের জরুরি সভা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, রিজেন্ট বোর্ডের সভায় মঙ্গলবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার মধ্যে ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বেলা ১১টার মধ্যে মেয়েদের শেখ হাসিনা হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

রিজেন্ট বোর্ডের সভায় ঘটনায় ১০ ছাত্র বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে এমন খবরে সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তবে শিক্ষার্থী বহিষ্কারের বিষয়ে জানতে রিজেন্ট বোর্ডের তিনজন সদস্যর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কেউই এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

যোগাযোগ করা হলে রাত ৯টার দিকে রিজেন্ট বোর্ড সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির প্রথম আলোকে বলেন, জনসংযোগ দপ্তরের বাইরে আমাদের কিছু বলার নেই। তবে আমরা ক্যাম্পাসে অবরুদ্ধ রয়েছি। সমস্যা সমাধানে উপাচার্য মহোদয় দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশা করছি।