অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-হোমনা সড়কে গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কে চলাচলকারী বাসের মালিক, চালক ও চালকের সহকারীরা জানান, ঢাকা-হোমনা সড়কে চলাচলকারী বাসমালিক-শ্রমিক তাঁদের সুবিধার্থে ঢাকা অংশে একটি এবং হোমনা অংশে একটি কমিটি গঠন করেন। ঢাকা অংশের কমিটির নেতা-কর্মীরা ঢাকা থেকে দাউদকান্দি পর্যন্ত এবং হোমনা অংশের কমিটির নেতা-কর্মীরা হোমনা থেকে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু এলাকা পর্যন্ত গাড়ি এবং গাড়ির চালক ও সহকারীদের যেকোনো অসুবিধা মোকাবিলা করবেন। কিন্তু কয়েক দিন ধরে ঢাকার শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় কিছু যুবক বাস থামিয়ে জোরপূর্বক বাসের চালক ও সহকারীদের মারধর করে টাকা ও কাগজপত্র নিয়ে যাচ্ছে। এই এলাকার বাসমালিক ও শ্রমিকেরা এর প্রতিকার চেয়ে ঢাকা কমিটির মালিকদের কাছে লিখিত আবেদন করেন। কিন্তু কোনো পরিবর্তন না দেখে হোমনা অংশের কমিটির নেতা-কর্মীরা অনির্দিষ্টকালের জন্য এই সড়কে চলাচলকারী শতাধিক বাস বন্ধ করার সিদ্বান্ত নেন। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস চলাচল বন্ধ থাকায় তিন শতাধিক শ্রমিকও বেকার হয়ে পড়েছেন। হোমনা-ঢাকা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল বলেন, ‘চলাচল করতে গিয়ে যেহেতু টাকা ও কাগজপত্র খোয়াতে হয়, তার চেয়ে বাস চলাচল বন্ধ রাখাই অনেক ভালো।’