অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্দিষ্টকালের জন্য গতকাল শনিবার থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে খাগড়াছড়ি পরিবহন মালিক সমিতি। খাগড়াছড়ি পরিবহন মালিক সমিতির ভাষ্যমতে, মারিশ্যা-দীঘিনালা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। সম্প্রতি ভারী বর্ষণে সড়কজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত কয়েক দিনে এ সড়কে চলাচল করতে গিয়ে ১০ থেকে ১৫টি বাস বিকল হয়ে পড়ে।
গত শুক্রবার রাতে খাগড়াছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম শফি অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধের এ ঘোষণা দেন।
এদিকে যান চলাচল বন্ধের ঘোষণার পর গতকাল ওই সড়কে কোনো গাড়ি চলেনি। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
জিপ চালক নেপাল দে বলেন, ‘মারিশ্যা-দীঘিনালা সড়কের ২২ কিলোমিটার খানাখন্দে ভরা। এ অবস্থায় গাড়ি চালালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ এস এম শফি প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। শুধু কিছু স্থানে গর্ত ভরাট করে দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ। সামান্য বৃষ্টি হলে সেসব স্থানে আবার গর্ত সৃষ্টি হয়।’ তিনি বলেন, ‘যত দিন পর্যন্ত সংস্কার করা না হবে তত দিন আমরা কোনো গাড়ি চালাব না।’ সড়ক ও জনপথ বিভাগের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, বৃষ্টির কারণে সড়কের সংস্কারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।