ছয় দফা বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির ওই কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস ও চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা হয়নি। এতে করে চারটি বিভাগের পাঁচটি চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা হয়নি। এর আগে গত বৃহস্পতিবার কোনো ক্লাস হয়নি।
এদিকে শিক্ষকদের ওপর হামলার বিচার ও আজ সোমবারের মধ্যে ক্লাস, পরীক্ষা চালুসহ ১১ দফা দাবি জানিয়ে গতকাল দুপুর ১২টায় উপাচার্যের কাছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী। এর আগে পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় মানববন্ধন করেন শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে আজ সোমবারের মধ্যে ক্লাস ও পরীক্ষা চালু, শিক্ষকদের ওপর হামলার বিচার, নতুন গ্রন্থাগার ভবন স্থাপন, ক্যাফেটেরিয়া ও হলে খাবারের মান উন্নতকরণ ও ভর্তুকি প্রদান, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন, ভূমি অধিগ্রহণ, আবাসনসমস্যা দূরীকরণ, পরিবহনসংকট নিরসন, ক্যাম্পাস ও হলে শক্তিশালী ইন্টারনেট সংযোগ প্রদান, অডিটরিয়াম নির্মাণ ও প্রধান ফটক নির্মাণ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন বলেন, গতকাল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে দুটি, অর্থনীতি, আইন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একটি করে পরীক্ষা ছিল। সোমবার (আজ) ফার্মেসি বিভাগে একটি চূড়ান্ত পরীক্ষা রয়েছে।
দাবিদাওয়া প্রসঙ্গে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা ও শিক্ষকদের ওপর হামলার বিচার হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ঘোলাটে। এ অবস্থায় উল্টো উপাচার্য শিক্ষক সমিতির নির্বাচনে পরাজিত ও বিতর্কিত ব্যক্তিদের বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ দিয়েছেন। শিক্ষক সমিতিকে অবজ্ঞা করে কোনো অবস্থাতেই নিয়োগ-বাণিজ্য ও অর্থ আত্মসাৎকারী ব্যক্তিকে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া যুক্তিযুক্ত হয়নি। শিক্ষক সমিতি সাধারণ সভা করে সাধারণ শিক্ষকদের মতামত নিয়ে অন্যায়ের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে। অবিলম্বে ছয় দফা দাবি উপাচার্যকে বাস্তবায়ন করতে হবে। তবেই সমিতি কর্মসূচি প্রত্যাহার করে নেবে।’
উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক সমিতির সভাপতি ক্যাম্পাসে না থাকায় ও সাধারণ সম্পাদক ছুটি নিয়ে ভারতে থাকায় রোববার সমিতির সঙ্গে বসা হয়নি। আগামীকাল (আজ) শিক্ষক সমিতির সঙ্গে আলোচনায় বসব। ওদের সঙ্গে আমার কথা হয়েছে। আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা করা হচ্ছে।’