শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে নিরাপদ যাতায়াত ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে গত ৩১ মার্চ থেকে ক্লাস-পরীক্ষা বর্জন এবং ৩ এপ্রিল থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্নাতকোত্তর পর্যায়ে ক্লাস-পরীক্ষা চলবে।
গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর ও একাডেমিক ভবনে যাওয়ার রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচি পালনের সময় শিক্ষার্থীরা সংগীত ও পথনাটক পরিবেশন করেন। দুপুর ১২টার দিকে খবর আসে, স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
চুয়েটের রেজিস্ট্রার ফারুক-উজ-জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ যথেষ্ট উদ্যোগ নিলেও শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখেন। এতে ক্যাম্পাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপাচার্যের সঙ্গে ডিন, প্রকল্প পরিচালক, বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রারের জরুরি সভায় স্নাতক পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার মধ্যে ছাত্রদের ও শুক্রবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে।
স্নাতকোত্তর পর্যায়ের বেশির ভাগ ক্লাস শুক্র ও শনিবার হয়ে থাকে। এই পর্যায়ের শিক্ষার্থীরা ছাত্রাবাসে থাকেন না।
বিকেল তিনটার দিকে অবস্থান কর্মসূচি ছেড়ে শিক্ষার্থীরা হল ত্যাগ শুরু করেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া অটল ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে হল থেকে চলে এসেছি। তবে দাবি আদায়ে আমরা এখনো অনড় আছি।’
চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, প্রশাসন শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়নের উদ্যোগ নিলেও শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসেননি। বিভিন্ন সময়ে তাঁরা শিক্ষকদের কুশপুত্তলিকা পুড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এসব কারণে শিক্ষকেরাও ক্লাসে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। শিক্ষকদের অসম্মান করার অভিযোগের বিষয়ে রোববারের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এদিকে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন চুয়েটের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে অটল ভৌমিক বলেন, নিরাপদ যাতায়াতের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কিন্তু কর্তৃপক্ষ সেগুলো না মেনে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থীদের সব দাবিদাওয়া মেনে না নেওয়া হলে আবারও আন্দোলন শুরু হবে।
গত ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর আট দফা দাবিতে আন্দোলন শুরু করেন চুয়েটের শিক্ষার্থীরা। গত রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অটল ভৌমিককে নাজেহাল করার অভিযোগ ওঠে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহার বিরুদ্ধে। এরপর থেকে তাঁর পদত্যাগের দাবিও শুরু করেন শিক্ষার্থীরা।