টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন নাহারকে অপসারণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। এ ধর্মঘটকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকেরা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
কলেজ থেকে জানা গেছে, লুৎফুন নাহারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবিতে ৬ নভেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা ধর্মঘট শুরু করেন। এর ফলে এক সপ্তাহ ধরে কলেজের শিক্ষাক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। ধর্মঘট চললেও শিক্ষক-কর্মচারীরা নিয়মিত কলেজে হাজিরা দিতেন। এ অবস্থায় গতকাল সকালে কলেজের মূল ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটে।
তালা দেওয়া সম্পর্কে কলেজের আন্দোলনরত শিক্ষকনেতা জুলফিকার আলী নৈশপ্রহরী ফজলুল হকের বরাত দিয়ে জানান, কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য খন্দকার জসীম উদ্দীনের নেতৃত্বে ২০-২৫ জন এলাকাবাসী কলেজে তালা দেন।
জসীম উদ্দীন জানান, এলাকার সচেতন অভিভাবকেরা শিক্ষকদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করে কোনো সাড়া না পেয়ে মূল ফটকে তালা দিয়েছেন। তালা দেওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন বলে জানান। জানতে চাইলে লুৎফুন নাহার জানান, ‘শুনেছি এলাকার ক্ষুব্ধ অভিভাবকেরা ফটকে তালা দিয়েছেন।’ এ ব্যাপারে তাঁর করার কিছু আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকার লোকজনকে আমি কী বলব।’