জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবি
অনির্দিষ্টকালের ধর্মঘটসহ নতুন কর্মসূচি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে গতকাল রোববার নতুন করে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষকেরা। পরে তাঁরা ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়ের বারান্দায় বসে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক এম এ মতিন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।অবস্থান কর্মসূচি শেষে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের স্থাপিত উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে একই দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন অধ্যাপক নাসিম আখতার হোসাইন। কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি, আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান। শনিবার থেকে লাগাতার ২৪ ঘণ্টা প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি।’