অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে ভোগান্তি
খুলনা-মাওয়াসহ দক্ষিণাঞ্চলের পাঁচটি সড়কপথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে যাত্রীরা মাইক্রোবাস, অটোরিকশায় করে যাতায়াত করছেন। এ সুযোগে এসব ছোট যানবাহনে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, যাত্রীরা বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। জরুরি প্রয়োজনে অনেকে মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যে রওনা দিচ্ছেন। এই সুয়োগে এসব গাড়িচালক ভাড়া বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ।
দুপুরে নগরের রয়েল চত্বরে ‘ফাল্গুনী’ পরিবহনের সামনে কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইব্রাহিমের সঙ্গে। তিনি বলেন, দুদিন ধরে ঘুরেও তিনি বাস পাচ্ছেন না। মনিরুল সরদার নামের একজন বলেন, অফিসের একটি গুরুত্বপূর্ণ কাজে বুধবার সকালের মধ্যে ঢাকায় যেতে হবে। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় কী করবেন ভেবে পাচ্ছেন না।
নগরের রূপসা ঘাটে মাসুম শেখ নামের একজন জানান, বাস বন্ধ থাকায় তিনি মাইক্রোবাসে করে খুলনায় এসেছেন। ৩০০ টাকার ভাড়া ধর্মঘটের কারণে ৫০০ টাকা রাখা হচ্ছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত মৃধা বলেন, শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি এখনো সুরাহা হয়নি। এ অবস্থায় গোপালগঞ্জের ওপর দিয়ে গাড়ি চালানো সম্ভব নয়। তাই ধর্মঘট চলছে।
গত শনিবার দুপুরে সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে গোপালগঞ্জ ও খুলনার বাসশ্রমিকদের মধ্যে মারধরের ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন খুলনা-মাওয়াসহ পাঁচটি সড়কপথে ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, গোপালগঞ্জ, টেকেরহাট ও ভাঙ্গার সড়কপথে বাস চলাচল বন্ধ রয়েছে।