
বরিশাল-পটুয়াখালী-বরগুনা মহাসড়কে গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। ফলে এই অঞ্চলের অন্তত ১০টি পথে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। এতে এসব অঞ্চলের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।
মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক, ভাড়ায় চালিত মোটরসাইকেলের অবৈধ চলাচল বন্ধসহ আটক বাসশ্রমিকদের মুক্তির দাবিতে বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এই ধর্মঘট ডাকে।
বাস ধর্মঘটের কারণে গতকাল সকাল থেকে অসংখ্য যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দূর-দূরান্ত থেকে আসা পর্যটক, শিক্ষা সফরে আসা শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে আটকা পড়েছেন।
গতকাল দুপুরে বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাউফল, দশমিনা, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা, আমতলী, নিয়ামতি, বাকেরগঞ্জ—এসব পথে বাস চলাচল করছে না। এতে এসব পথের অসংখ্য যাত্রী বিকল্প পথে ও বাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। বাস মালিক-শ্রমিকদের বাধার কারণে বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা, আমতলী, বাকেরগঞ্জ, চান্দখালী, নিয়ামতি, বেতাগী থেকে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে চলাচলকারী দূরপাল্লার কোনো বাসও গতকাল ছাড়তে পারেনি। ফলে এসব পথের অসংখ্য যাত্রী দুর্ভোগে পড়ে।
গোলাম সরোয়ার নামে বরগুনার এক যাত্রী বলেন, ‘পরিবার নিয়ে ঢাকা থেকে লঞ্চে বরিশালে এসেছি। এখান থেকে বাসে বরগুনা যাওয়ার জন্য স্ট্যান্ডে এসে শুনি বাস ধর্মঘট। এখন কীভাবে বরগুনায় যাব ভেবে পাচ্ছি না।’
বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. সগির হোসেন বলেন, ‘মহাসড়ক থেকে মাহেন্দ্র ও অন্যান্য অবৈধ যান চলাচল বন্ধ না করা পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে।’