অনির্ধারিতভাবে থেমে যায় এক্সপ্রেস ট্রেন, ওঠে মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গাড়ি বানায়া আনছিল। আউটারে আইসা গাড়ি থামলেই আমরা পাঁচজন বায়া ছাদের উপরে উঠছি। মাল উপরে উডায়া দিছে। এরপর গাড়ি চলা শুরু করছে। টঙ্গী আউটারে গাড়ি থামানোর কথা আছিল।’ গতকাল সোমবার চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন থেকে ৩৬০ বোতল ফেনসিডিলসহ কালু মিয়াকে (২৫) গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আখাউড়ার পাঘাচং স্টেশনের আউটার থেকে ফেনসিডিলসহ ওই যুবক কীভাবে ওই ট্রেনে উঠেছিল সে বর্ণনাই সে এভাবেই নিজের ভাষায় দিচ্ছিল।মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা জানান, ট্রেনের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশে মাদক ব্যবসায়ীরা যেখানে গাড়ি থামানোর কথা না সেখানেও শুধু মাদক তোলার জন্য গাড়ি থামিয়ে ফেলে। গ্রেপ্তার হওয়া কালুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিশেষ ধরনের ছয়টি জ্যাকেট। একেকটি জ্যাকেটে ৬০ বোতল করে ফেনসিডিল রাখা যায়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক হেলালউদ্দীনের নেতৃত্বে একটি দল কালু মিয়াকে গ্রেপ্তার করে। হেলালউদ্দীন প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল থেকে গাজীপুরের পূবাইলে আগে থেকেই ওঁৎ পেতে ছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান দলটি। সে অনুযায়ী পূবাইলে ট্রেনটি আসার পর তাদের খোঁজা শুরু করেন কর্মকর্তারা। কিন্তু তল্লাশি চালাতে ট্রেন থামানোর আয়োজন করতেই টের পেয়ে যায় বাহকেরা। তারা কর্মকর্তাদের বিভ্রান্ত করতে গায়ের জামা খুলে ফেলে। পরে চারজন পালিয়ে গেলেও একজনকে ধরতে সক্ষম হন তাঁরা।যেভাবে ট্রেনে ওঠা: কালু জানায়, গতকাল সকালে তারা পাঘাচং স্টেশনের আউটার সিগন্যালে ট্রেন থামিয়ে উঠেছে। কালু জানায়, এই ফেনসিডিলগুলোর মালিক আখাউড়ার ব্যবসায়ী জনৈক খোকন। খোকন একটি চক্র চালায়। এই চক্রে ট্রেন থামানোর জন্য আলাদা লোকই রয়েছে। একদল ট্রেন থামানোর পর অন্য দল খুব দ্রুত ফেনসিডিলগুলো নিয়ে ট্রেন উঠে যায়। সেখান থেকে আর কোনো যাত্রী ট্রেনে ওঠে না। তাদের গায়ে একটি বিশেষ জ্যাকেটে থাকে বোতলগুলো। পরিদর্শক হেলালউদ্দীন জানান, কালুকে গ্রেপ্তারের পর বিমানবন্দর স্টেশনে এসে ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত কম্পার্টমেন্টের ছাদের ওপরে শীতাতপনিয়ন্ত্রণ-যন্ত্রের ওপরের ঢাকনা খুলে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। সাধারণত ঢাকায় আসার পর পূর্বনির্ধারিত কোনো এক জায়গায় একটু ধীরগতির হয়ে যায় ট্রেন। বোতলগুলো ব্যাগে বা বস্তায় ভরে খুব দ্রুত নামিয়ে আনে বাহকেরা। এরপর পূর্বনির্ধারিত কোনো একটি জায়গায় রেখে দিয়ে বাহকেরা দূরে দাঁড়িয়ে থাকে। ঢাকার ব্যবসায়ী এসে বোতলগুলো নিয়ে যায়। ট্রেন থামল কীভাবে: গতকাল সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটির চালক (লোকোমাস্টার) ছিলেন লোকমান মিয়া। তিনি প্রথম আলোকে জানান, গতকাল সকালে ঢাকা আসার পথে ট্রেনটি আখাউড়ার পাঘাচং স্টেশনে থামানো হয়েছিল। এখানে কেউ ট্রেনের চেইন টানলে ট্রেনটি থামাতে বাধ্য হন তিনি। এ ছাড়া ইঞ্জিনের হোসপাইপ খুলে যাওয়ায় নন্দপাড়া নামে একটি স্টেশনেও ট্রেন থামিয়ে প্রয়োজনীয় মেরামত করা হয়েছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসার পর ঢাকার আগে এই ট্রেনটির আর কোথাও থামার কথা না বলে তিনি জানান। ট্রেনটির গার্ড মো. আমির প্রথম আলোকে বলেন, কেউ ট্রেনের চেইন টানায় পাঘাচং স্টেশনের অদূরে আউটারে ট্রেনটি থামানো হয়। কে চেইন টানল তা আমরা জানি না। ঢাকা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন প্রথম আলোকে জানান, দিনের বেলা চলাচলকারী ট্রেনগুলোতে কোনো রেল পুলিশ থাকে না। জনবলস্বল্পতার কারণে রাতের ট্রেনেরগুলোতেই পর্যাপ্ত লোক দেওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।