রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি অনির্বাচিত সরকার। তত্ত্বাবধায়ক নামের অনির্বাচিত কারও হাতে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে না। সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই যথাসময়ে নির্বাচন হবে।গতকাল শুক্রবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বানিয়াচংকে তাঁর স্বপ্নের স্থান এবং এই এলাকাবাসীকে তিনি তাঁর আত্মার আত্মীয় ভাবতে পছন্দ করেন। প্রধান বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমানে বিরোধী দল দেশের রাজনীতিকে কুয়াশাচ্ছন্ন করে রেখেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে নৈরাজ্যকর পরিবেশের সৃষ্টি করেছে। বিরোধী দলের উচিত নৈরাজ্য সৃষ্টির পথ পরিহার করে সংসদে গিয়ে জনগণের কথা বলা। রেলমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবেই তাঁকে বিশ্বব্যাংকের প্রধান করার জন্য প্রস্তাব দিয়েছেন। বিরোধী দল অযথাই এ বিষয়ে নাক গলাতে চায়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মুশফিক হোসেন, হবিগঞ্জ সদরের সাংসদ আবু জাহির, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাংসদ আবদুল মজিদ খান প্রমুখ।