সাংসদদের মধ্যে ৯৭ শতাংশই নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত—ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এ-সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।গতকাল সোমবার দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন হানিফ। তিনি টিআইবির এই প্রতিবেদনের সঙ্গে অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতায় আনার যোগসাজশেরও অভিযোগ তোলেন। হানিফ বলেন, ‘অনেকেরই নির্বাচিত সরকার থেকে অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা দিতে ঝোঁক আছে। রাজনীতিবিদদের চরিত্র হনন করে অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা দিতে এ ধরনের ঢালাও অভিযোগ করা হয়ে থাকতে পারে। তবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় বা চতুর্থ শক্তির উত্থানের সুযোগ নেই।’কক্সবাজারের রামুসহ বিভিন্ন স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বিএনপির করা তদন্ত প্রতিবেদনের ওপর প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপির তদন্ত প্রতিবেদনকে দুরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর দাবি করে আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির নেতা মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের নিন্দা জানানো হয়।মওদুদ আহমদকে নীতিহীন ও ‘ডিগবাজি মওদুদ’ উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এই ব্যক্তি সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একবার লাঙ্গল প্রতীকে নির্বাচন করে হেরে যান। দল বদল করে একই মেয়াদে বিএনপির প্রতীক নিয়ে উপনির্বাচনে জিতে আসেন। একই সংসদে এক ব্যক্তি দুটি দল থেকে দুটি ভিন্ন প্রতীকে নির্বাচন করার ইতিহাস আর পাওয়া যাবে না।’