অনির্বাচিতদের ফ্ল্যাট ছাড়ার নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি নবম জাতীয় সংসদের মেয়াদ আজ শুক্রবার শেষ হচ্ছে। এ বিষয়ে আজ একটি গেজেট প্রকাশ করা হতে পারে বলে জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।
এদিকে নবম সংসদের যেসব সাংসদ দশম সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন বা প্রার্থী হননি, তাঁদের নামে সংসদের বরাদ্দ করা ফ্ল্যাট ৩০ জানুয়ারির মধ্যে ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি এই নোটিশ দেওয়া হয়।
সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ হবে এর প্রথম বৈঠক থেকে পরবর্তী পাঁচ বছর। নবম সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। এই হিসাবে নবম সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে আজ।
ইতিমধ্যে ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বিজয়ীদের নাম গেজেটে প্রকাশ করা হয় এবং ৯ জানুয়ারি সিংহভাগ নবনির্বাচিত সাংসদ শপথ নেন। একটি সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী সংসদের সাংসদেরা শপথ নেওয়ায় এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিশ্লেষকদের অনেকে বলেছেন, ৯ জানুয়ারির পর থেকে দেশে দুটি সংসদ কার্যকর রয়েছে। কারণ, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে বলা আছে, নবনির্বাচিত সাংসদেরা শপথ গ্রহণের পরপরই দায়িত্বভার গ্রহণ করেছেন বলে গণ্য হবে। নবম সংসদের প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট এই নির্বাচন বর্জন করে।
সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল গতকাল সাংবাদিকদের বলেন, শুক্রবার নবম সংসদের মেয়াদ শেষ হওয়া সম্পর্কে গেজেট প্রকাশ করা হবে। এ-সংক্রান্ত নথি স্পিকারের কাছে পাঠানো হয়েছে।
এক নজরে নবম সংসদ: নবম সংসদের মোট কার্যদিবস ছিল ৪১৮, যা অতীতের যেকোনো সংসদের চেয়ে বেশি। এর আগে পঞ্চম সংসদ সর্বোচ্চ ৪০০ কার্যদিবস স্থায়ী হয়েছিল। বিল পাসের ক্ষেত্রেও নবম সংসদ নজির সৃষ্টি করেছে। মোট পাস হওয়া বিল ২৭১। সপ্তম সংসদে ১৯১টি বিল পাস হয়েছিল।
সংসদ বর্জনের ক্ষেত্রে বিরোধী দল নতুন দৃষ্টান্ত তৈরি করেছে নবম সংসদে। এ সংসদে তারা উপস্থিত ছিল মাত্র ৭৬ কার্যদিবস। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত ছিলেন মাত্র ১০ দিন।
সংসদের শেষ অধিবেশন (১৮টি) পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট ৩২২ কার্যদিবস সংসদে উপস্থিত ছিলেন।
এই সংসদেই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি বাতিল করা হয়।
ফ্ল্যাট ছাড়ার নোটিশ: নবম সংসদের যেসব সাংসদ দশম সংসদের সাংসদ নন, তাঁদের সংসদ থেকে বরাদ্দ করা ফ্ল্যাট ৩০ জানুয়ারির মধ্যে ছেড়ে দিতে ১৪ জানুয়ারি নোটিশ দিয়েছে সংসদ সচিবালয়। ন্যাম ভবন ও নাখালপাড়ার সাংসদদের হোস্টেলে এই নোটিশ পাঠানো হয়। সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহমদ প্রথম আলোকে এ তথ্য জানান।
নবম সংসদের এমন শতাধিক সাংসদের মধ্যে বিএনপি-জামায়াত জোটের ৩৭ জন রয়েছেন। এঁদের বেশির ভাগ ন্যাম ভবনে আছেন। তাঁদের ৩০ জানুয়ারির মধ্যে এসব ফ্ল্যাট ছাড়তে হবে। বাকিরা নবম সংসদের মহাজোটের সাংসদ। তাঁরা দশম সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন কিংবা নির্বাচনে অংশ নেননি।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলেন, সাংসদেরা প্রায় পাঁচ বছর এসব ফ্ল্যাটে আছেন। তাই এসব ফ্ল্যাট থেকে তাঁদের নিজস্ব মালামাল সরিয়ে নিতে সময়ের প্রয়োজন হবে। সে জন্য ৩০ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
২৯ জানুয়ারি দশম সংসদের অধিবেশন শুরু হবে। সূত্র জানায়, অধিবেশন শুরুর পরপরই বিভিন্ন মন্ত্রণালয় ও সংসদ-সম্পর্কিত অন্যান্য কমিটি গঠন করা হবে। নিয়ম অনুযায়ী সংসদ কমিটির সুপারিশের ভিত্তিতে দশম সংসদের সাংসদদের জন্য নতুন করে ফ্ল্যাট বরাদ্দ করা হবে।