অনিশ্চয়তায় অনেক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার অনেক শিক্ষার্থী অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি হতে গিয়ে বিপাকে পড়েছে। উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা শিক্ষার্থীদের অনুমতি ছাড়াই তাদের রোল নম্বর দিয়ে খুদে বার্তা পাঠিয়ে গোপন আইডি নম্বর ও ওপিটি (অনটাইম পাসওয়ার্ড) সংগ্রহ করায় এই বিপত্তি ঘটেছে। 
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, আমতলীর চরকগাছিয়া শহিদুল ইসলাম কলেজ ও চাওড়া নেছারিয়া আলিম মাদ্রাসার শিক্ষকেরা তাঁদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি হতে বাধ্য করতেই এই কারসাজি করেছেন।
ভুক্তভোগী ১৫-২০ জন শিক্ষার্থী জানায়, আমতলী ডিগ্রি কলেজ ও বকুল নেছা মহিলা কলেজে দুই শতাধিক শিক্ষার্থী ভর্তির আবেদন করে। তবে বরিশাল শিক্ষা বোর্ডে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে ফিরতি খুদে বার্তায় ভর্তিসংক্রান্ত গোপন আইডি ও ওপিটি নম্বর পায়নি। পরে বোর্ডে যোগাযোগ করে কলেজ কর্তৃপক্ষ জানতে পারে, এসব শিক্ষার্থীর নামে কে বা কারা আগেই খুদে বার্তা পাঠিয়ে কোড নম্বর সংগ্রহ করেছে।
আমতলী কলেজে ভর্তি হতে ইচ্ছুক তিন শিক্ষার্থী বলে, তারা ভর্তি হওয়ার জন্য আবেদন করার পর খুদে বার্তা পাঠিয়ে ভর্তির জন্য গোপন কোড ও ওপিটি নম্বর সংগ্রহ করার চেষ্টা করে। তবে ফিরতি বার্তায় জানানো হয়, তাদের নামে আগেই কোড সংগ্রহ করা হয়েছে। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারে, তাদের তিনজনের রোল নম্বর দিয়ে শহিদুল ইসলাম কলেজের পক্ষ থেকে খুদে বার্তা পাঠানো হয়েছে। এভাবে ওই কলেজে কর্তৃপক্ষ ৫০ জনের বেশি শিক্ষার্থীর রোল নম্বর সংগ্রহ করে গোপনে খুদে বার্তা পাঠিয়েছে। তবে শহিদুল ইসলাম কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা গোপনে বা সম্মতি নেই—এমন কারও পক্ষে আবেদন করিনি।’
অন্য তিন শিক্ষার্থী বলে, তারা আমতলী কলেজে ভর্তির জন্য আবেদন করে খুদে বার্তা পাঠালেও তাদের গোপন কোড ও ওপিটি নম্বর দেওয়া হয়নি। পরে খোঁজ নিয়ে জানতে পারে, তাদের রোল নম্বর সংগ্রহ করে চাওড়া নেছারিয়া আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ ভর্তির আবেদন করে শিক্ষা বোর্ডে খুদে বার্তা পাঠায়। একইভাবে ওই মাদ্রাসা কর্তৃপক্ষ শতাধিক শিক্ষার্থীর নামে গোপনে ভর্তির আবেদন করায় ওই শিক্ষার্থীরা অন্য কোথাও ভর্তি হতে পারছে না। তবে মাদ্রাসার অধ্যক্ষ মো. ইউনুছ আলী খান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সম্মতিতে ৪৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর জন্য খুদে বার্তা পাঠিয়েছি।’
বকুল নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রণব কুমার সরকার বলেন, ‘আমাদের কলেজে ভর্তি হতে ইচ্ছুক ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীর জন্য বারবার খুদে বার্তা পাঠিয়েও গোপন আইডি নম্বর পাচ্ছি না।’
আমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, ‘আমাদের কলেজের অনেক শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।’
বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত জুয়েল বলেন, ‘যারা এ ধরনের জটিলতার মধ্যে আছে, তারা পরীক্ষাসংশ্লিষ্ট কাগজপত্র আমাদের কাছে দিলে আমরা আগের ভর্তি বাতিল করার ব্যবস্থা নেব।’