ক্ষুধা, তৃষ্ণা আর ঠান্ডার চেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনিশ্চয়তা। হাতে টাকা নেই, কাজেও যেতে পারছেন না তাঁরা। পরিবার নিয়ে স্বল্প সময়ের মধ্যে কোথায় উঠবেন, কী খাবেন—এসব নিয়েই অনিশ্চয়তা।
গত রোববার সকালে মোহাম্মদপুরের জাফরাবাদে পুলপাড়, বটতলা বস্তিটিতে আগুন লেগে পুড়ে যায় ১৯টি বাড়ির প্রায় ৫০০ পরিবারের ঘর। প্রাণ হারায় ঘরে ঘুমিয়ে থাকা তিন বছরের এক শিশু। এর পর থেকেই স্থানীয় বাসিন্দা, রাজনীতিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থার (এনজিও) লোকজন তাঁদের সাহায্যে এগিয়ে আসেন। স্থানীয় সাংসদের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে এলাকার তিনটি নির্মাণাধীন বহুতল ভবনে থাকছেন গৃহহীনেরা। গতকাল সোমবার রাতে ঘরপোড়া মানুষগুলোর অস্থায়ী আবাসস্থল ঘুরে দেখা গেছে অনিশ্চয়তার চিত্র।
ছয় বছর ও সাড়ে চার বছরের দুটি সন্তান নিয়ে অস্থায়ী আবাসে উঠেছেন গৃহকর্মী রীনা আক্তার। তিনি জানান, গতকাল রাত পর্যন্ত লোকজন এসে খাবার দিয়ে গেছে। কয়েকটি কম্বল পেয়েছেন। তবে শিশুদের সব কাপড়চোপড় পুড়ে গেছে। পানি ও বাথরুমের সমস্যাও রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো, দুই দিন ধরে কাজে যেতে পারছেন না। হাতে কোনো টাকাও নেই। এখন কোথায় ঘরভাড়া নেবেন, কীভাবে সংসার আবার গোছাবেন—এ নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই তাঁর।
ঘুরে দেখা গেছে, নির্মাণাধীন ওই ভবনে অন্তত চার শ নারী-পুরুষ-শিশু থাকছে। সেই ভবনে নির্মাণশ্রমিকদের ব্যবহারের জন্য একটিমাত্র বাথরুম রয়েছে। আর পোড়া বস্তির পাশে খালের ধারে কয়েকটি অস্থায়ী বাথরুম করে দেওয়া হয়েছে। একেকটা কক্ষে সাত-আটজন করে থাকছেন। রিকশাচালক হিরু, নজরুল ইসলাম ও মনির একটি ঘরে পরিবার নিয়ে উঠেছেন। অন্ধকার ঘরগুলোতে জমাটবাঁধা ঠান্ডা। এর মধ্যেই শিশুরা খেলছে-কাঁদছে।
ওই এলাকার বাসিন্দারা জানান, গতকাল দিনে ঘরপোড়া লোকজনের জন্য সাহায্য তুলেছেন এলাকার লোকজন। তাঁরা কাপড়, খাবার, টাকা—সবই সংগ্রহ করে বিলি করেছেন।