অনিশ্চিত জীবনের প্রহর গোনা
উচ্ছেদ হওয়ার পর গোলািপ (ছদ্মনাম) আশ্রয় নিয়েছিলেন টাঙ্গাইল শহরের পাশের এলাকায় এক আত্মীয়ের বাড়িতে। যৌনপল্লি থেকে এসেছেন কথাটি জানাজানি হয়ে যায় এক দিন পরেই। এলাকার লোকজন ওই আত্মীয়কে বাধ্য করেন গোলাপিকে তাড়িয়ে দিতে। এখন এক পরিচিত ব্যক্তির বাড়িতে আছেন। কোথায় যাবেন, কী করবেন কিছুই জানেন না।
শুধু গোলািপ নন। তাঁর মতো অনেক যৌনকর্মীই টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছেন। ভাগ্যের ওপর অনিশ্চিত জীবন ছেড়ে দিয়ে প্রহর গুনছেন। গত মঙ্গলবার মুঠোফোনে কথা হয় গোলািপর সঙ্গে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমরাও মানুষ। আমাগো কী বাঁইচা থাকার অধিকার নাই?’
গত শনিবার বিকেল থেকে রোববার সকালের মধ্যে ২০০ বছরের পুরোনো টাঙ্গাইল যৌনপল্লির প্রায় সাড়ে নয় শ যৌনকর্মী হুমকির মুখে চলে যেতে বাধ্য হন। গত কয়েক দিনের অনুসন্ধানে জানা গেছে, এঁদের একটি বড় অংশ আশ্রয় নিয়েছেন দৌলদিয়া যৌনপল্লিতে। আবার অনেকে টাঙ্গাইল শহর ও আশপাশের এলাকার বিভিন্ন বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ গেছেন ময়মনসিংহ যৌনপল্লিতে। অনেক এলাকার লোকজন জানতে পেরে যৌনকর্মীদের এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছেন। তাঁরা আজ এ জায়গা, কাল ও জায়গায় ঘুরছেন।
দৌলদিয়ায় যাওয়া এক যৌনকর্মী প্রথম আলোকে বলেন, এখানে আসার পর তাঁদের অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। প্রায় সব মেয়েই এক কাপড়ে চলে এসেছেন। তাই বাধ্য হয়ে যেকোনো শর্ত মেনে দৌলতদিয়ার বিভিন্ন বাসায় উঠতে হচ্ছে। প্রতিবাদ করায় তাঁদের সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হচ্ছে।
টাঙ্গাইল যৌনপল্লি ছেড়ে যাওয়া বেশ কয়েকজন যৌনকর্মীর সঙ্গে আলাপ করে জানা গেছে, তাঁদের প্রায় সবারই নারীমুক্তি সংঘ, দৃষ্টি সমবায় সমিতি, চিরন্তনীসহ বিভিন্ন এনজিওতে বিপুল পরিমাণ সঞ্চয় রয়েছে। হঠাৎ করে চলে আসায় তাঁরা সে সঞ্চয়ের টাকা তুলতে পারেননি।
টাঙ্গাইল সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিখিল চন্দ্র মজুমদার বলেন, ‘সমাজসেবার রেজিস্ট্রেশনভুক্ত কোনো এনজিওর কাছে কারও পাওনা থাকলে তাঁরা পাস বইসহ এলে আমরা টাকা তুলতে সহায়তা করতে পারব।’
এদিকে উচ্ছেদ হওয়ার পরদিন থেকেই যৌনপল্লির ঘরগুলো ভেঙে নেওয়া শুরু করেছে বাড়ির মালিকেরা। গতকাল বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, ৭০ ভাগ বাড়ির ভাঙার কাজ হয়ে গেছে। স্থাপনা ভাঙার পর জমির কী হবে, জানতে চাইলে এক বাড়িওয়ালা বলেন, ‘দশজনের যা হবে আমারও তা হবে। এর বেশি কিছু বলতে চাই না।’
যৌনপল্লি উচ্ছেদের দাবিতে গড়ে ওঠা সংগঠন টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি ও হেফাজতে ইসলামের টাঙ্গাইল শাখার আমির মাওলানা আবদুল আজিজ বলেন, ‘এই উচ্ছেদের ব্যাপারে জনপ্রতিনিধি, প্রশাসনসহ সব মহল আমাদের সহায়তা করেছে।’
বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শাহনাজ খান বলেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করায় চরমভাবে মানবাধিকার লিঙ্ঘত হয়েছে। উচ্ছেদ করা যৌনকর্মীদের পুনর্বাসন, এনজিওর কাছ থেকে তাঁদের পাওনা তোলা এবং তাঁদের জমি যাতে নির্বিঘ্নে ব্যবহার করতে পারে, সে বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন।