সিদ্ধান্তহীনতা ও প্রয়োজনীয় অর্থের অভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে। ২০১০ সালের ৫ সেপ্টেম্বর ৯২ কোটি ৫৬ লাখ টাকায় সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ৫ মে এর কাজ শেষ হওয়ার কথা। অথচ এখনো সেতুটির অর্ধেক কাজ বাকি।এ অবস্থায় সেতুসহ আরও কিছু উন্নয়নমূলক কাজ দেখতে আজ শনিবার গোপালগঞ্জে আসছেন যোগাযোগমন্ত্রী। টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীতে মধুমতী নদীর ওপর নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য হবে ৩৯১ মিটার।গোপালগঞ্জ সওজ কার্যালয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। বিএনপি ক্ষমতায় আসার পর এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমান সরকারের আমলে ঢিমেতালে কাজ শুরু হয়। মাঝে কিছুদিন কাজ বন্ধ থাকে। এরপর গোপালগঞ্জ সওজ খরচ কমানোর জন্য ‘শোভাবর্ধক কাজ’ ছাড়াই সেতুর নির্মাণকাজ শেষ করার আবেদন জানায়। জবাবে গত এপ্রিলে যোগাযোগ মন্ত্রণালয় শোভাবর্ধক কাজ ছাড়াই সেতুর কাজ শেষ করার আদেশ দেয়। তবে এ মুহূর্তে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ও সরেজমিনে দেখা যায়, সেতুটির উত্তর প্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন আর অপর প্রান্ত বাগেরহাটের চিতলমারী উপজেলার মচন্দপুরে গিয়ে মিশেছে। এখানকার সাংসদ শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন। নদীর মাঝামাঝি দুটি পিলার ছাড়া বাকি চারটির কাজ শেষ। ৩০টি বিমের মধ্যে মাত্র তিনটির কাজ হয়েছে।গোপালগঞ্জ সওজের বিভাগীয় প্রকৌশলী বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বারবার সেতুর কাজ বন্ধ হয়েছে। কখনো রাজনৈতিক, কখনো অর্থনৈতিক, আবার কখনো কারিগরি কারণে। বর্তমানে সেতুর জন্য ২০ কোটি টাকা প্রয়োজন। তা ছাড়া সেতুর দুটি পিলারের নকশা এখনো সড়ক বিভাগ দিতে পারেনি। স্বাভাবিক কারণে সেতুর কাজ বন্ধ আছে। ঠিকাদার আরও ২০ মাস সময় চেয়েছেন।’এদিকে সেতুর নির্মাণকাজ বন্ধ থাকায় মধুমতীর দুই তীরের মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা সেতুটির নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি তুলেছে। টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, ‘সেতুর কাজ থমকে যাওয়ায় এলাকার লোকজন নাখোশ হয়েছে। বিএনপি-জামায়াত এসে ঢালাওভাবে গোপালগঞ্জের উন্নয়নকাজ বন্ধ করে। আর আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায়। অথচ সেতুর কাজ একবার বন্ধ হয়, একবার চালু হয়। এ যেন লুকোচুরি খেলা।’ব্যবসায়ী সোহাগ শেখ বলেন, ‘সেতু না থাকায় নদী পার হতে সময় ও অর্থের অপচয় হয়। পণ্যের মূল্য বেড়ে যায়। চিতলমারী অংশে উৎপাদিত পণ্য সঠিক বাজারদর পাচ্ছে না।’শিক্ষক ইউনুস আলী বলেন, ‘ব্রিজের কারণে অনেকেই মোল্লাহাট ঘুরে গোপালগঞ্জ বা ঢাকা যান। মোল্লাহাট দিয়ে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে রোগী নিয়ে গোপালগঞ্জ হাসপাতালে যেতে হয়।’গোপালগঞ্জ সওজের একাধিক সূত্র জানায়, সেতুটি বর্তমান সরকারের উন্নয়ন প্রতিশ্রুতিগুলোর অন্যতম। সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন গোপালগঞ্জে সড়ক ভবনে এক বৈঠকে সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের মধ্যে পাটগাতীতে মধুমতী নদীর ওপর এই সেতুর কথা উল্লেখ করেছিলেন।