অনিশ্চয়তা কেটে গেল আইরিনের

অনিশ্চয়তা কেটে গেল আইরিন আক্তারের। চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে অনেকে তাঁকে সহায়তা করেছেন। কেউ কেউ তাঁর পড়ার ব্যয় বহনের জন্যও ইচ্ছা প্রকাশ করেছেন।
মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেলেও টাকার অভাবে দেখা দিয়েছিল ভর্তির শঙ্কা। আজ সোমবার নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী ১৫ হাজার এবং গাজীপুরের ইশরাত জাহান বৃষ্টি নামের একজন শিল্পী ২০ হাজার টাকা অদম্য মেধাবী আইরিনকে দিয়েছেন।
‘টাকার অভাবে ভর্তি অনিশ্চিত আইরিনের’ শীর্ষক একটি সংবাদ আজ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। ওই খবর দেখে আবু ছালেহ মো. মুসা জঙ্গী দুপুরে আইরিনের বাড়ি উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর মিস্ত্রিপাড়া যান। ইউএনওকে দেখে অভিভূত হয়ে পড়েন আইরিন। ইউএনও তাঁকে বলেন, ‘প্রথম আলোতে আপনার ওপর প্রতিবেদন ছাপা হয়েছে। তা দেখেই এসেছি। আপনি ভালোভাবে লেখাপড়া করবেন, এই প্রত্যাশা করছি।’ তিনি এ সময় উপজেলা প্রশাসনের তহবিল থেকে ১৫ হাজার টাকা আইরিনের হাতে তুলে দেন।
ওই খবর দেখে গাজীপুর শহর এলাকার বাসিন্দা বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী ইশরাত জাহান আইরিনের মেডিকেল কলেজে ভর্তিতে সহায়তার জন্য ইচ্ছা প্রকাশ করেন। তিনি আইরিন আক্তারের (প্রথম আলোর প্রতিবেদকের মাধ্যমে) কাছে ২০ হাজার টাকা মোবাইলের মাধ্যমে পাঠিয়ে দেন। ইশরাত জাহান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ভর্তির জন্য তাৎক্ষণিক ওই টাকা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাঁর বই কেনাসহ শিক্ষা উপকরণ কিনতে সহায়তা অব্যাহত থাকবে। ইশরাত জাহান জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলামের স্ত্রী।
মেডিকেলে ভর্তির শঙ্কা কেটে যাওয়ায় আনন্দিত আইরিন আক্তার প্রথম আলোকে জানান, ‘সকাল থেকে অনেক ফোন পাচ্ছি। একটি পত্রিকার প্রতিবেদনে এত তোলপাড় হতে পারে আগে ভাবিনি। অনেক প্রতিশ্রুতি পাচ্ছি। অনেকেই পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করছেন। কিন্তু কেউ কেউ আপত্তিকর কথাও বলছেন; এতে বিব্রত হচ্ছি।’
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনায়েত হোসেন মোবাইলে এই প্রতিবেদককে বলেন, ‘শুধু ভর্তিতেই সমাধান নয়। আমি আইরিনের সব দায়িত্ব নিতে চাই। সে সুযোগ করে দেবেন আশা করি।’ এ ছাড়া আইরিনকে সহায়তার ব্যাপারে দেশ-বিদেশ থেকে অনেক ফোন আসছে। সবাই ওই অদম্য মেধাবীর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে হাত বাড়াতে চান।
আইরিনের মা বেলি বেগম বলেন, ‘খুব চিন্তায় ছিলাম। মনে হচ্ছিল মেয়েটার স্বপ্ন আর পূরণ হবে না। কিন্তু মানুষের এত ভালোবাসা পাচ্ছি, যা ভাষায় প্রকাশ করা যায় না।’ তিনি প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খুব সকালে কাজে বেরিয়ে পড়ায় আইরিনের বাবা দিনমজুর ইউনুস আলীর সঙ্গে কথা বলা যায়নি।
বাড়ির কাছে বাগডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছিলেন আইরিন। এরপর সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় ও সৈয়দপুর সরকারি কারিগরি কলেজে পড়াশোনা করেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। সরকারি কারিগরি কলেজে পড়ার সময় অভাবের কথা চিন্তা করে কলেজ কর্তৃপক্ষ তাঁর খরচ বহন করে। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। চলতি মাসের ২০ থেকে ৩১ তারিখের মধ্যে ভর্তি হতে হবে। ভর্তি হতে ১৮ থেকে ২০ হাজার টাকা লাগবে বলে শুনেছেন। কিন্তু এত টাকা তাঁর হতদরিদ্র মা-বাবার পক্ষে দেওয়া অসম্ভব।
সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ আমির আলী আজাদ বলেন, ‘অনেক ফোন পাচ্ছি। অনেক প্রতিশ্রুতি। সবাই পাশে দাঁড়াতে চান। আইরিনের ভর্তিসহ তাঁর লেখাপড়ার খরচ নির্বাহে কত টাকা লাগবে সে অনুযায়ী সহায়তা নেওয়া হবে।’
আরও পড়ুন:
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত আইরিনের