অনিশ্চয়তা থাকলেও বসে নেই প্রার্থীরা
নির্বাচন কমিশনের সর্বশেষ তফসিল অনুযায়ী ঝালকাঠি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। প্রথমে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের ১৩ তারিখে। হাইকোর্টে দুটি রিট বিচারাধীন থাকায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে এর মধ্যেও মেয়র ও কাউন্সিলর পদে ৬৫ জন প্রার্থী সমানে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রিট আবেদনের বাদীপক্ষের আইনজীবী তৌফিক ইনাম বলেন, ঝালকাঠি পৌরসভার ভোটার তালিকা ও নির্বাচনী তফসিল চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিট আবেদন ২৩ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী হাইকোর্টে শুনানি চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়র পদে ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনই সাবেক ও বর্তমান কাউন্সিলর। নতুন মাত্র একজন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ-সমর্থিত মো. আফজাল হোসেন, বিএনপি-সমর্থিত অনাদি কুমার দাস, শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা জাতীয় পার্টি-সমর্থিত লিয়াকত আলী তালুকদার, সাবেক প্যানেল মেয়র মকবুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আইয়ুব আলী তালুকদার ও সৈয়দ আবু জাহিদ জিয়াউল হক।নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্যানুযায়ী, এসএসসি পাস করা মো. আফজাল হোসেনের নামে কোনো ফৌজদারি মামলা নেই। এর আগে তিনি দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। দলীয় সমর্থন ছাড়াও তাঁর পক্ষে রয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা। জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আফজালের পক্ষে তিনি প্রচারণা চালাচ্ছেন।পেশায় ঠিকাদার অনাদি কুমার দাস উচ্চমাধ্যমিক পাস। তাঁর নামে তিনটি ফৌজদারি মামলা বিচারাধীন। বর্তমানে তিনি কাউন্সিলর পদে রয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, অনাদি কুমার দাস একমাত্র হিন্দু মেয়র পদপ্রার্থী হওয়ায় দলীয় ভোটের সঙ্গে হিন্দুসম্প্রদায়ের কিছু ভোট যোগ হলে তাঁর জয়ের সম্ভাবনা বেশি।অষ্টম শ্রেণী পাস মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার পেশায় ব্যবসায়ী। বর্তমানে তাঁর বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা বিচারাধীন। তিনি একবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেও দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়নি। মহাজোটের শরিক জাতীয় পার্টি তাঁকে সমর্থন দিয়েছে। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাজা রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সমর্থন না পেলেও লিয়াকত আলীর পক্ষে আওয়ামী লীগ ও বিএনপির অনেক কর্মী-সমর্থক কাজ করছেন।মেয়র পদপ্রার্থীদের মধ্যে একমাত্র স্নাতক পাস প্রার্থী হলেন মকবুল হোসেন আকন। ধানকলের ব্যবসায়ী মকবুলের নামে একটি দুর্নীতির মামলা বিচারাধীন। তিনি এর আগে তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। মো. আইয়ুব আলী তালুকদারের পেশা ঘর ভাড়া দেওয়া। মেয়র পদপ্রার্থীদের মধ্যে তিনি অক্ষরজ্ঞানসম্পন্ন। ১৯৯২ সাল থেকে পর পর তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। সিনেমা হলের মালিক সৈয়দ আবু জাহিদ জিয়াউল হক এসএসসি পাস। বিদেশফেরত আবু জাহিদ সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।১৮৭৫ সালে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম ঝালকাঠি পৌরসভার ভোটারসংখ্যা ৩০ হাজার ৩৮৮। ঝালকাঠির সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মানিক রায় বলেন, ঝালকাঠি পৌরসভায় বিগত দিনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এবারের নির্বাচনে ভোটাররা অনেক হিসাব-নিকাশ করে ভোট দেবেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা আহ্বায়ক হেমায়েত উদ্দিন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চলছে। এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ ওঠেনি।