অনিশ্চয়তা পিছু ছাড়েনি তরিকুলের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরিকুল ইসলাম
তরিকুল ইসলাম

রাশিয়া বেগমের ছেলে তরিকুল ইসলাম এ বছর মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। নিজে গৃহপরিচারিকার কাজ করে ছেলেকে লেখাপড়া করিয়েছেন। তাই ছেলের এই সাফল্যে চোখের জল ধরে রাখতে পারেননি। এই সুখবরের মধ্যেও কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে রাশিয়া বেগমের; এখনো যে ছেলের মেডিকেলে ভর্তির টাকা জোগাড় হয়নি।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের ব্রিজপাড়ার বাসিন্দা রাশিয়া বেগম। অভাবের সংসারে খাবারের অভাব আর বার্ধক্যের কারণে স্বামী গিয়াস উদ্দিন শয্যাশায়ী। একমাত্র মেয়ে জেসমিন খাতুনকে আগেই বিয়ে দিয়েছেন। তাই ছেলে তরিকুলকে নিয়েই তাঁর স্বপ্ন।
তরিকুল এ বছর ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাঁর মেধাক্রম ২৩০২। তরিকুলের বাবা গিয়াস উদ্দিন চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। গত রোববার বিকেলে বাড়িতে গিয়ে কথা হয় রাশিয়া বেগমের সঙ্গে। রাশিয়া বলেন, ‘গরিপির বাড়িতি ডাক্তার হবে ইর চাইয়ে খুশির খবর আর কী হতি পারে। আল্লাহ আমাগের আশা পূরণ কইরেচে।’ কিন্তু ছেলের লিকাপড়ার জন্যি একগাদা ট্যাকা দরকার। অ্যাতো ট্যাকাপয়সা কনে পাব? বাড়ির ভিটেটুকু ছাড়া আর কিছুই তো নেই।’
রাশিয়া জানান, প্রতিবেশী মান্নান খানের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে তিনজনের সংসার কোনো রকম খেয়ে না-খেয়ে কাটিয়েছেন। বাবার বাড়ি থেকে পাওয়া এক টুকরা জমি বিক্রি করে ২২ হাজার টাকা পেয়েছিলেন। সেই টাকা দিয়ে রাজশাহীতে কোচিং করিয়েছেন। এখন হাতে আর কোনো টাকা নেই।
গিয়াস উদ্দিন বলেন, ‘শরীলির অবস্থা ভালো নেই। কাজ করার শক্তিও নেই। ছেলে ডাক্তার হবে। অ্যারাম খবরে আরও কিছুদিন বাঁচার ইচ্ছা করচে। সমাজের ট্যাকাওয়ালা মানুষিরা এগিয়ে আসলিই আমার তরিকুল একদিন দেশের নামকরা ডাক্তার হবে।’