অনিশ্চয়তা বাড়ছে 'পীস' স্কুলের শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নির্দেশের পর নিবন্ধন বাতিল করে দেওয়া লালমাটিয়ায় অবস্থিত ‘পীস ইন্টারন্যাশনাল স্কুল’ কর্তৃপক্ষ এখন প্রকাশ্যে স্কুল ভবনের তালা খুলছে না। অভিভাবকেরাও কর্তৃপক্ষের কাউকে পাচ্ছেন না। ফলে সন্তানদের শিক্ষাজীবন নিয়ে তাঁদের অনিশ্চয়তা কাটছে না। ভিন্ন নামে গতকাল রোববার স্কুলটি খোলার একটি পাঁয়তারা চললেও শেষ পর্যন্ত তা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার ‘পীস’ নামে চালু দেশের অনুমোদনহীন স্কুলগুলো বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িক নিবন্ধন পাওয়া ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ‘পীস ইন্টারন্যাশনাল স্কুল’-এর নিবন্ধন বাতিল করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে লালমাটিয়ায় পীস ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের ফটকে এখনো তালা। ৩ আগস্ট কলাপসিবল গেটের ভেতরে কাচের দরজার ওপর স্কুলের নামটি লেখা দেখা গেলেও গতকাল সেটি দেখা যায়নি। স্থানীয় একটি সূত্র বলেছে, ভেতরে ভেতরে ভিন্ন নামে স্কুলটি চালানোর একটা প্রক্রিয়া চলছে।
স্থানীয় একজন জানালেন, গতকাল সকালের দিকে তিন ব্যক্তি ফটক খুলে প্রবেশ করে খানিক পরেই আবার বের হয়ে যান। এরপর বেশ কয়েকজন অভিভাবক খোঁজ নিতে এসে দেখেন তালা বন্ধ। সাড়ে ১১টার দিকে একজন নারীকে দেখা গেল এক শিশুকে সঙ্গে নিয়ে স্কুলের ফটকের সামনে এসে দাঁড়াতে। চিকিৎসক এই নারী জানালেন, তাঁর সন্তান কেজি ওয়ানে পড়ে। এখন অপেক্ষা করা ছাড় আর উপায় দেখছেন না। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে যে নতুন সিদ্ধান্ত হলে পরে জানানো হবে। কিন্তু এই পরে কত দিন পর সেটা বলতে পারছেন না।
আরও কয়েকজন অভিভাবক গতকাল স্কুলের সামনে যান। একজনকে দেখা গেল গাড়িতে করে তাঁর দুই শিশুসন্তান নিয়ে স্কুলের সামনে নামতে। জিজ্ঞাসা করলে আমিনুল হাসান নামে এই অভিভাবক বললেন, তিনি তাঁর দুই সন্তানকে ভর্তির জন্য অগ্রিম এক লাখ টাকা দিয়েছেন। কিন্তু এখন আর ভর্তি নয়, টাকা উদ্ধারই তাঁর কাছে মুখ্য। এখন কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অধ্যক্ষও এখন আর ফোন ধরছেন না।
এ বিষয়ে কথা বলার জন্য স্কুলটির ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ আবদুল্লাহ জামানের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। জানা গেছে, এখন আর তিনি অপরিচিত কারও ফোন ধরছেন না।
‘পীস’ নামে কতগুলো বিদ্যালয় এবং এতে কতজন শিক্ষার্থী আছে, তার সুনির্দিষ্ট তথ্য সরকারের হাতে নেই। তবে ‘পীস’ শব্দটি ব্যবহার করে ভিন্ন ভিন্ন নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের শতাধিক স্কুল পরিচালিত হচ্ছে বলে গোয়েন্দা সদস্যরা সরকারকে তথ্য দিয়েছেন। ঢাকার বাইরে কেউ কেউ ইতিমধ্যে নাম পরিবর্তন করে কার্যক্রম অব্যাহত রেখেছেন।