টিনের ঝুপড়ি ঘরটি প্রাণহীন। খুলনার বন্ধ শিল্পকারখানার অন্যতম ‘দাদা ম্যাচ ফ্যাক্টরি’র শ্রমিক নূরুল ইসলাম (৪৫) বাস করতেন এই ঘরেই। বিনা চিকিৎসায় মারা গেছেন তিনি। তাঁর পরিবারের দিন কাটছে অর্ধাহারে-অনাহারে। স্ত্রী মাহমুদা বেগম (৩০) বলেন, ‘বিনা চিকিৎসায় আমার স্বামীটা মল্লো। ৭০-৮০ হাজার টাকা পাওনা থাকলিউ মিলিত্তে এট্টা পয়সাও দেলে না। তিনডে বাচ্চা নিয়ে খায়ে-না খায়ে দিন কাটতেছে। অসুস্থ শরীল নিয়ে না পাত্তিছি ভিক্ষে করতি, না পাত্তিছি কাজ কত্তি।’ ম্যাচ কারখানাটি বন্ধ হওয়ার পর গত সাত মাসে নূরুল ইসলামের মতো প্রায় বিনা চিকিৎসায় এ পর্যন্ত ২০ জন শ্রমিক মারা গেছেন। বেকার হয়ে পড়া প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী আর্থিক অনটনের কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। গত ৫ মার্চ খুলনার খালিশপুরের জনসভায় প্রধানমন্ত্রী বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) মাধ্যমে দাদা ম্যাচ চালুর ব্যাপারে ঘোষণা দিলেও কত দিনে বাস্তবায়িত হবে তা নিয়ে শ্রমিক-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, ১৯৫৬ সালে খুলনার রূপসা নদীর তীরে ১৮ একর জমির ওপর সুন্দরবনের গেওয়া কাঠনির্ভর দাদা ম্যাচ ফ্যাক্টরি গড়ে ওঠে। লাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে কারখানাটি দেশের ৯০ শতাংশ ম্যাচের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করত। স্বাধীনতার পর সরকার সব শিল্পকারখানা জাতীয়করণের সময় ১৯৭৩ সালে রূপসা শিল্পাঞ্চলের এই কারখানাটিও জাতীয়করণ করে বিসিআইসির নিয়ন্ত্রণে নেয়। ১৯৯৩ সাল পর্যন্ত কারখানাটি বছরে প্রায় পাঁচ কোটি টাকা লাভ করত এবং সরকারকে ছয় কোটি টাকা রাজস্ব দিত। ১৯৮৪ সালে তৎকালীন এরশাদ সরকার ৩০ শতাংশ শেয়ার রেখে একটি সুইডিশ কোম্পানির কাছে বাকি ৭০ শতাংশ ইজারা দেয়। সুইডিশ কোম্পানিটিও লাভজনকভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করত। আধুনিকায়নের নামে তারা আমেরিকান এক্সপ্রেস ব্যাংক থেকে ৩৩ কোটি ঋণ নেয়। তারা ১৯৯৩ সালে ওই ঋণসহ ম্যাচ কারখানাটি ইজারা দেয় ভাইয়া গ্রুপকে। সে সময় কারখানায় এক হাজার ৭৫০ জন স্থায়ী ও দুই হাজার অস্থায়ী শ্রমিক কাজ করতেন। চালুর পর থেকে ভাইয়া গ্রুপের অব্যাহত শ্রমিক ছাঁটাইয়ের ফলে বন্ধ ঘোষণার আগে ৪৫০ জন স্থায়ী ও পাঁচ শতাধিক অস্থায়ী শ্রমিক কর্মরত ছিলেন। ভাইয়া গ্রুপও অগ্রণী ব্যাংক থেকে ৩৩ কোটি ঋণ নেয়। দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করায় তাদের দেনা ২৬৩ কোটিতে পরিণত হয়। মালিক পক্ষ শেষে ২০১০ সালের ১৮ আগস্ট সকাল ছয়টায় কারখানা বন্ধ ঘোষণা করে। সম্প্রতি সরেজমিনে বন্ধ দাদা ম্যাচ ফ্যাক্টরিতে গেলে শ্রমিক বেলায়েত হোসেন (৪২) বলেন, ‘ছেলেমেয়ের পড়ালেখা বন্ধ। খরচ দিতে পারিনে। যখন যে কাজ পাই, তাই করি। না পেলে খাওয়াই বন্ধ।’ জয়নাল আবেদিন (৪৬) বলেন, ‘দাদা ম্যাচ ফ্যাক্টরি বন্ধের পর আমাদের কোনো দোকানদারেরা আর বাকি দিতে চায় না। আর কেউ বাড়ি ভাড়াও দিতে চায় না।’ হুমায়ুন কবির (৪৬) বলেন, ‘দিনমজুরির কাজ করি। মাঝে মাঝে ভ্যানও চালাই।’ শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পর্যন্ত বিনা চিকিৎসায় মারা গেছেন কারখানার করণিক আবদুল আজিজ (৫৩), আনোয়ার হোসেন (৪৯), আবদুর রহমান (৫২), পরিদর্শক নূরুল ইসলাম (৫০), শ্রমিক আবুল বাশার (৪৮), নূরুল ইসলাম (৪৫), মোহম্মদ মানিক (৫১), আবদুল আজিজ (৪৮), ওমর আলী (৫৩), ইমান আলী (৬৪), আবদুস সাত্তার (৫৭), মন্টু মিয়া (৫৫), শাহ আলম (৪৫), চান মিয়া (৫৮), রবিউল ইসলাম (৩০), রেহানা বেগম (৪২), নার্গিস বেগম (৩৮), মিস্ত্রি জাহাঙ্গীর হোসেন (৬০), মোহম্মদ লকিতুল্লাহ (৬২) ও আবদুল ওদুদ (৬৮)।দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম শাহাদৎ বলেন, কর্তৃপক্ষ কারখানা বন্ধের আগে ১০ মাস ধরে কোনো বেতন-ভাতা দেয়নি। শ্রমিক-কর্মচারীদের বেতন বাবদ প্রায় এক কোটি ও ভবিষ্য-তহবিলের প্রায় পাঁচ কোটি টাকা পাওনা রয়েছে। দাদা ম্যাচ ফ্যাক্টরির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক শাহজাহান সরদার বলেন, ‘প্রধানমন্ত্রী বিসিআইসির মাধ্যমে চালু করার ঘোষণা দিলেও কোনো সরকারি আদেশ পাইনি।’ নাম প্রকাশে অনিচ্ছুক মালিক পক্ষের তত্ত্বাবধায়ক বলেন, ‘শুনেছি মালিককে ডেকে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।’ বিসিআইসির চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের জন্য আটঘাট বেঁধে নামতে হবে। তবে আমরা শিগগিরই শিল্পমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেব।’