অনিশ্চয়তায় আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ও সমতলের পাঁচটি আদিবাসী জনগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা শুরু করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বাজেট প্রাপ্তিতে আমলাতান্ত্রিক জটিলতা, প্রস্তুতিমূলক কাজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমন্বয়হীনতার কারণে এ অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
এদিকে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চালু করাসহ পাঁচ দফা দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) গতকাল রোববার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পিসিপি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ কার্যালয় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চেঙ্গী স্কয়ারে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন জেসীম চাকমা, এলটন চাকমা, সুনীল ত্রিপুরা ও রিয়েল ত্রিপুরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এনসিটিবির কর্মকর্তারা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ছয়টি আদিবাসী জনগোষ্ঠীর শিশুদের জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সাঁওতাল ভাষার বর্ণমালা নিয়ে সমস্যা থাকায় বহুভাষিক শিক্ষাক্রম (এমএলই) পদ্ধতিতে পাঁচটি জনগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা এবং সমতল অঞ্চলের গারো ও সাদ্রি ভাষা।
এমএলই পদ্ধতি বাস্তবায়নের জন্য এমএলই নিয়ে গবেষণা, পাঠক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন, আদিবাসী শিশুদের পরিচিত জগতের শিক্ষা উপকরণ সংগ্রহ ও শিক্ষকÿপ্রশিক্ষণ মডিউল তৈরির কথা এনসিটিবির। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে পাঠ্যপুস্তকের চাহিদাপত্র ও কোথায় কোন আদিবাসীর বসবাস রয়েছে উল্লেখ করে জনমিতিক মানচিত্র তৈরি, শিক্ষকÿপ্রশিক্ষণ এবং বিদ্যালয়ে আদিবাসী শিশুদের পাঠদানের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এনসিটিবি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে কোনো সমন্বয় না থাকায় বাস্তবে এখনো কোনো কাজ হয়নি। অথচ ২০১৫ সালের জানুয়ারি থেকে এমএলই চালু করার কথা রয়েছে।
এনসিটিবির কর্মকর্তারা বলেছেন, এমএলই কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজের জন্য ৯৬ লাখ টাকা বাজেট চাওয়া হয়েছে। বাজেট অনুমোদন হলেও আমলাতান্ত্রিক জটিলতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এখনো তা এনসিটিবিতে এসে পৌঁছায়নি। এ জন্য সব কাজ স্থবির হয়ে রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে এনসিটিবির সমন্বয়হীনতা রয়েছে স্বীকার করে ওই গবেষণা কর্মকর্তা বলেন, পাঠ্যক্রম তৈরির দায়িত্ব এনসিটিবির হলেও এটি বাস্তবায়নের কাজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। কিন্তু অধিদপ্তর থেকে এ পর্যন্ত পাঠ্যপুস্তকের চাহিদাপত্র প্রদান, প্রশিক্ষণের জন্য শিক্ষকের তালিকা দেওয়া ও জনমিতিক মানচিত্র তৈরিসহ কোনো ব্যাপারে এনসিটিবির সঙ্গে যোগাযোগ করা হয়নি। এ অবস্থায় এনসিটিবি পাঠ্যপুস্তকের কাজ ডিসেম্বরে শেষ করলেও জানুয়ারি থেকে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা চালু নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) রুহুল আমিন ও পরিচালক (নীতি নির্ধারণ ও মনিটরিং) মোহাম্মদ ইমরান বলেন, এ ব্যাপারে এনসিটিবি থেকে তাঁদের কোনো কিছু জানানো হয়নি।
অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (সামগ্রিক শিক্ষা) মজিবুর রহমান বলেন, এনসিটিবির পরবর্তী ধাপে অধিদপ্তরের কর্মসূচি বাস্তবায়নের কথা রয়েছে। এ জন্য এনসিটিবি পাঠ্যপুস্তক, প্রশিক্ষণ মডিউল ও প্রশিক্ষিত শিক্ষক না দিলে তাঁদের করার কিছু নেই।