জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে মানসম্পন্ন ইন্টারনেট-সুবিধা দিতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে না পাওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন দুই শিক্ষক। গত বুধবার তাঁরা উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী শিক্ষকেরা হলেন, ইন্টারনেট সেবার দায়িত্বে থাকা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এমদাদুল হক ও সহযোগী অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান।
তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রয়োজনীয় জনবল এবং প্রযুক্তিগত সুবিধা না থাকায় মানসম্পন্ন ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তা ছাড়া এ খাতে আর্থিক বরাদ্দও প্রয়োজনের তুলনায় অনেক কম। ক্যাম্পাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে। ফলে এখন যে যন্ত্রগুলো আছে, তাতে অনেক বেশি চাপ পড়ছে। এ কারণে সিসকো রাউটার যন্ত্রটি এখন নিজস্ব ক্ষমতার চেয়ে বেশি কাজ করছে। ফলে প্রতিদিন দুই থেকে তিনবার সেটি বন্ধ হয়ে যাচ্ছে। এতে ক্যাম্পাসে ইন্টারনেটের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকে। এ সমস্যার সমাধানে নতুন যন্ত্র কিনতে অর্থ সাহায্য চেয়েও তা পাওয়া যায়নি।
আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১৪-১৫ অর্থবছরে আমরা এ খাতের জন্য ৯২ লাখ টাকা বরাদ্দ চেয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাদ্দ দিয়েছে মাত্র ৩০ লাখ টাকা। এর মধ্যে ব্যান্ডউইথ কিনতেই খরচ হয়েছে ২৮ লাখ টাকা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বার্ষিক খরচ এক লাখ টাকা। সব মিলিয়ে অর্থবছরের ছয় মাস যেতে না যেতেই বরাদ্দ পাওয়া প্রায় সব টাকা শেষ হয়ে গেছে।’
এ ছাড়া ক্যাম্পাসের সার্বিক ইন্টারনেট ব্যবস্থাপনা দেখাশোনার জন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ছিল। আগামী ফেব্রুয়ারিতে ওই চুক্তি শেষ হয়ে যাবে। অথচ ইন্টারনেটের সংযোগ ও ‘সার্ভার’ রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবল নেই বলে জানান তিনি।
পদত্যাগের বিষয়ে অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, ‘নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়েছে। এর মধ্যে প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।’
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে আর্থিক সীমাবদ্ধতা আছে। অল্প সময়ের মধ্যে ইচ্ছে থাকলেও তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করতে পারা যায়নি। পদত্যাগের বিষয়ে দ্বিতীয়বার ভাবার সুযোগ আছে কি না, তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে।