অনিশ্চয়তায় একাদশ শ্রেণীর প্রায় অর্ধলাখ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি শিক্ষাবর্ষের প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একাদশ শ্রেণীর আবশ্যিক বিষয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) পরীক্ষাপদ্ধতি এবং মানবণ্টন নির্ধারণ করা হয়নি। এ অবস্থার মধ্যে আগামী নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে সরকারি ও বেসরকারি কলেজগুলোর প্রথম সাময়িক পরীক্ষা।

ফলে চট্টগ্রাম বোর্ডের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধ লাখ শিক্ষার্থী অনিশ্চয়তায় পড়েছে। গত ১ জুলাই থেকে একাদশের শ্রেণী কার্যক্রম (ক্লাস) শুরু হয়।

চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের মানবণ্টন এবং পরীক্ষাপদ্ধতি বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি।’

জানা যায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ বছর থেকে একাদশ শ্রেণীতে প্রথমবারের মতো আইসিটিকে আবশ্যিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করে। এ বিষয়ে কোনো প্রশিক্ষিত শিক্ষক গড়ে তোলা হয়নি। কম্পিউটার শিক্ষা বিভাগের শিক্ষকেরাই এর হাল ধরেন। কিন্তু আইসিটি বিষয়ে সৃজনশীল, না সাধারণ পদ্ধতিতে পরীক্ষা হবে এবং এর মানবণ্টন কীভাবে হবে, এসব ব্যাপারে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

বাজারে আইসিটির ওপর প্রকাশিত বিভিন্ন সহায়ক বইয়ের কোনোটিতে বলা হয়েছে, সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। তারা দেখিয়েছে, ৪০ নম্বর আবশ্যিক, ৩৫ নম্বর অবজেকটিভ এবং ২৫ নম্বর ব্যবহারিক। আবার কোনোটিতে সাধারণ পদ্ধতিতে পরীক্ষাপদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

এখানে মানবণ্টন করা হয়েছে ৭৫ বর্ণনামূলক (তত্ত্বীয়) এবং ২৫ নম্বর ব্যবহারিক হিসেবে। পরীক্ষাপদ্ধতি এবং মানবণ্টন নিয়ে সঠিক কোনো নির্দেশনা না পাওয়ায় একাদশ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা নিয়ে বিপাকে পড়েন সংশ্লিষ্ট শিক্ষকেরা। ইতিমধ্যে কিছু কিছু প্রতিষ্ঠানে সৃজনশীল পদ্ধতিতে সাময়িক পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের কম্পিউটার শিক্ষা বিভাগের প্রভাষক কাজী জামাল উদ্দিন বলেন, ‘কয়েকটি কলেজে সৃজনশীল পদ্ধতিতে প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হয়েছে বলে শুনেছি। আগামী ১৬ নভেম্বর আমাদের কলেজে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা সাধারণ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী মাহমুদ হোসেন বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়টি আমাদের জন্য একেবারেই নতুন। এ বিষয়ে অভিজ্ঞ শিক্ষকেরও অভাব রয়েছে। অথচ এখনো জানতে পারিনি, কোন পদ্ধতিতে পরীক্ষা হবে। এ অনিশ্চয়তা না কাটলে কীভাবে পরীক্ষা দেব এবং ফলাফল কী হবে জানি না।’

চট্টগ্রাম বোর্ডের কম্পিউটার শিক্ষা বিষয়ের সাবেক প্রধান পরীক্ষক ও ইসলামিয়া ডিগ্রি কলেজের কম্পিউটার শিক্ষা বিভাগের প্রভাষক নিশানুল বখতিয়ার বলেন, ‘আইসিটির পরীক্ষাপদ্ধতি এবং ১০০ নম্বরের মানবণ্টন কীভাবে হবে, সে ব্যাপারে এনসিটিবির ওয়েবসাইটে এবং বোর্ডের কাছ থেকে কোনো লিখিত নির্দেশনা পাওয়া যায়নি। তবে মৌখিকভাবে জেনেছি, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বৈঠকে সাধারণ নিয়মে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  এতে শিক্ষার্থীদের উদ্বেগ কমবে আশা করা যায়।’