অনিশ্চয়তায় বিটিসিএলের সাড়ে চার হাজার অস্থায়ী কর্মচারী
‘কারও চাকরি যাবে না’—ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোসের এ আশ্বাস সত্ত্বেও চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেডের (বিটিসিএল) সাড়ে চার হাজার অস্থায়ী কর্মচারী। কিন্তু সুপারনিউমারি (অতিরিক্ত ও খণ্ডকালীন) হিসেবে নির্ধারিত দুই বছর পার হলেও ১ জুলাই থেকে তাঁরা কিসের ভিত্তিতে প্রতিষ্ঠানে থাকছেন, তার সুরাহা হয়নি। বিটিসিএলের নতুন জনবলকাঠামোয় আট হাজার ৭০৩টি পদ আছে। ১ জুলাই থেকে এই কাঠামো কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো তা হয়নি। বর্তমানে বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারী আছেন সাড়ে ১৩ হাজার। এর মধ্যে নয় হাজার কর্মকর্তা-কর্মচারী স্থায়ী। তাঁদের কোম্পানি অথবা সরকারি চাকরির যেকোনো একটা বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। আর অস্থায়ী আছেন প্রায় সাড়ে চার হাজার। অস্থায়ী ব্যক্তিদের মধ্যে দুই হাজার ৯৭২ জন ওয়ার্কচার্জড এবং এক হাজার ৮৫৭ জনকে ক্যাজুয়াল হিসেবে গণ্য করা হয়। ক্যাজুয়াল কর্মীদের সংগঠন বিটিসিএল ক্যাজুয়াল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের অভিযোগ, ‘শ্রমিক-কর্মচারীদের কোনো তথ্য দিচ্ছেন না টেলিযোগাযোগসচিব। এত বছর টিঅ্যান্ডটিতে কাজ করেছি। কিন্তু কর্তৃপক্ষ কাজের স্বীকৃতি বা চাকরিটা স্থায়ী করেনি। এখন এই অস্থায়ী চাকরি থাকবে না চলে যাবে, তাও জানি না। এই দুর্মূল্যের বাজারে পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবে এতগুলো মানুষ?’ ‘কারও চাকরি যাবে না’—সচিবের এ আশ্বাস রাজনৈতিক নেতা ও ক্ষমতাশালীদের দাপটে হাওয়ায় উড়ে যাবে বলে মন্তব্য করেন মাসুদ। কারণ, প্রশাসনের কাছে তাঁদের সঠিক তালিকা না থাকায় রাজনৈতিক প্রভাব ও নেতাদের স্বজনপ্রীতির দাপটে সরকারি এই কোম্পানিতে সচিবের কোনো আশ্বাসই টিকবে না বলে আশঙ্কা করছেন তাঁরা। প্রশাসনের কাছে থাকা ক্যাজুয়াল কর্মীদের তালিকা সঠিক নয় অভিযোগ করে মাসুদ বলেন, ‘ক্ষমতাসীনেরা নিজেদের লোক নিয়োগ দিয়ে বলবেন, ওই ব্যক্তি ক্যাজুয়াল ছিলেন। দেখা যাবে, প্রশাসনের তালিকায় তাঁর নামও আছে। কিন্তু জীবনেও তিনি টিঅ্যান্ডটিতে কাজ করেননি।’ নাম প্রকাশে অনিচ্ছুক বিটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ১৯৮৪ সাল থেকে বিটিসিএলে নিয়োগ বন্ধ আছে। ফলে অবসর গ্রহণ, দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যুসহ বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটির অনেক পদ খালি। এসব খালি পদে এবং মাঠপর্যায়ের বিভিন্ন কাজে ওই সব অস্থায়ী লোককে কাজে লাগানো হয়েছে। তাঁদের অনেকের চাকরির বয়স ২০ বছরও হয়ে গেছে। ‘দিনভিত্তিক মজুরি’ হিসেবে কাজ শুরু করলেও প্রত্যেকেই এখন মাস শেষে বেতন হিসেবে টাকা নেন। দক্ষতার বিচারে তিন হাজার ৯০০ থেকে পাঁচ হাজার ২০০ টাকা পর্যন্ত তাঁদের একেক জনের বেতন। ক্যাজুয়াল কর্মীদের মধ্যে কম্পিউটার অপারেটর হিসেবে ১৫৬ জন, ড্রাইভার ১২১, এমএলএসএস ৯৩, সহকারী লাইনম্যান ৪২০, লাইন শ্রমিক ২৫, ক্যাম্প ক্লার্ক ৬২, গার্ড ২৩৫, ক্লিনার/ঝাড়ুদার/সুইপার ১৮০, অফিস সহকারী ১২৫, ইমাম/টেকনিশিয়ান/পাম্প অপারেটর/ওয়ারম্যান/জয়েন্টার/জেনারেটর চালক পদে ৩৯৮ এবং বিভিন্ন প্রকল্পে কাজ করছেন ৪২ জন। তাঁদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক পর্যন্ত। সংগঠনের সভাপতি এস এম কামরুজ্জামান জানান, সুপারনিউমারি পদের সময় শেষ হতেই অস্থায়ী কর্মচারীরা আবারও চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। বিশেষ করে ক্যাজুয়াল কর্মচারীরা। কারণ, ২০০৬ সালে মাস্টাররোলভুক্ত অস্থায়ী দুই হাজার ৯৭২ জন কর্মচারীকে কোম্পানিতে আত্তীকরণের সুবিধার্থে ‘ওয়ার্কচার্জড’ নামে এক ধরনের নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা পেনশন ছাড়া সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা পেয়ে আসছেন। কিন্তু ক্যাজুয়াল কর্মচারীদের জন্য কোনো সুযোগ-সুবিধা নেই। এসব বিষয়ে জানতে চাইলে টেলিযোগাযোগসচিব এবং বিটিসিএলের চেয়ারম্যান সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, ‘বিটিসিএলে সবার চাকরি থাকবে। স্থায়ী ও অস্থায়ী সবার। অস্থায়ী কর্মীদের কর্মদক্ষতা অনুযায়ী শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। কিন্তু কোনো কারণে প্রয়োজনের তুলনায় লোক বেশি হয়ে গেলে অন্যদের কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।’ সচিব আরও বলেন, ‘ইতিমধ্যে বিটিসিএলের সরকারি কর্মকর্তাদের কাছে অপশন (সরকারি চাকরিতে থাকবেন না কোম্পানিতে যাবেন) চাওয়া হয়েছে। সবার কাগজপত্র পেয়ে সময়োচিত ব্যবস্থা নেওয়া হবে।’