অনিশ্চয়তায় ২০০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় দেশের ২৩টি কলেজের সম্মান (ইংরেজি) শ্রেণীতে ভর্তি হওয়া কয়েক শ শিক্ষার্থী তাঁদের ভর্তি বাতিল হওয়ার আশঙ্কায় ভীত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুলে তাঁদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে, এমন অভিযোগ করে তাঁরা এ সমস্যা থেকে উত্তরণে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।ভর্তি বহাল রাখার দাবিতে শনিবার নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সরকারি বরিশাল কলেজের ইংরেজি প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছর প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের বিষয় নির্বাচন করে স্ব-স্ব কলেজে তালিকা পাঠায়। সে অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তি হয়ে এক বছর ক্লাস করার পর হঠাৎ জানতে পারেন, তাঁরা ইংরেজি বিভাগে ভর্তি হতে পারেননি। এরপর ওই শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী মো. ফয়সাল বলেন, ‘ভুল করল জাতীয় বিশ্ববিদ্যালয়, আর খেসারত দিতে হবে আমাদের। এক বছর ইংরেজি বিষয়ে পড়াশোনা করেছি। সব বইপত্র কিনেছি। এখন ভর্তি বাতিল হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব?’আরেক শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তালিকা দেখে কলেজ কর্তৃপক্ষ আমাদের ভর্তি করেছে। আগে ভর্তি বাতিল করলে এ বছর অন্তত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতাম।’সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ এ কে এম মজিবর রহমান বলেন, ‘সারা দেশে ২৩ কলেজের প্রায় ২০০ শিক্ষার্থী এ সমস্যায় পড়েছে। আমাদের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় তালিকা পাঠিয়েছে, সেই তালিকা দেখে শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে। ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের নিবন্ধন না আসায় আমরা যোগাযোগ করে জানতে পারি যে ওই শিক্ষার্থীদের ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতা নেই। তিনি বলেন, এটা শিক্ষার্থীদের ভুল নয়, ভুল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।’ বরিশাল ছাত্র অধিকার আন্দোলনের সদস্যসচিব দুলারী পারভীন বলেন, ‘আমরা চাই যে শিক্ষার্থীরা ইংরেজিতে ভর্তি হয়ে এক বছর ক্লাস করেছে, তাদের সে বিষয়ে পড়ার সুযোগ করে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়।’জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন মোবাশ্বেরা খানম বলেন, ‘গত বছর ভর্তি পরীক্ষার নির্দেশনা অনুযায়ী ইংরেজিতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ২০ নম্বরের মধ্যে ১০ পেতে হবে। অন্যদিকে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অন্তত ১২ না পেলে ভর্তির সুযোগ থাকার কথা নয়। কয়েকটি কলেজে এ রকম সমস্যা হয়েছে। তবে কলেজগুলোর উচিত ছিল এ ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা।’ বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা তালিকা দেখে ভর্তি করা হয়েছে—কলেজ কর্তৃপক্ষের এমন বক্তব্যের বিরোধিতা করে ডিন বলেন, ‘তালিকা দেয় কম্পিউটার, আর নির্দেশনা দিই আমরা। এত দিন পর কলেজ এ কথা বলবে কেন? কম্পিউটারের তালিকার সঙ্গে থাকা নির্দেশনা দেখলে অবশ্যই এই সমস্যা হতো না।’