অনিষ্পন্ন মামলা: ৭ বছরের বেশি সময় বন্দী থাকাদের তথ্য চেয়ে চিঠি
বিচারের দীর্ঘসূত্রতার কারণে সাত বছরের বেশি সময় ধরে কারাগারে আটক বন্দীদের তথ্য চেয়ে কারা মহাপরিদর্শক বরাবরে চিঠি পাঠানো হয়েছে। নিষ্পত্তি না হওয়া এসব মামলায় অসচ্ছল বন্দীদের আইনি অধিকার প্রাপ্তিতে সহায়তা অব্যাহত রাখতে আজ রোববার বিকেলে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ডাকযোগে ওই চিঠি পাঠায়। পাশাপাশি দেশের ৬৮টি কারাগারের কর্তৃপক্ষের বরাবরে ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
বিচারের দীর্ঘসূত্রতার দরুন আটক হাজতি বন্দীদের বিষয়ে তথ্যাদি প্রেরণের বিষয়ে অবহিতকরণ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বরাবর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্যসচিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমার স্বাক্ষরিত ওই চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি দেশের উচ্চ আদালতে সরকারি আইনি সেবা নিশ্চিতকরণে কাজ করে চলছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, নিম্ন আদালতে বিচারে জন্য প্রস্তুত হওয়া মামলাসমূহ সাক্ষ্য গ্রহণসহ নানা কারণে দীর্ঘ সময় ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। ফলে কার্যত সাজা হওয়ার আগেই আটক বন্দী দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। সরকারি আইনি সেবা আরও সুনিশ্চিত করার লক্ষ্যে যাঁরা দীর্ঘ সময় ধরে কারাগারে হাজতি হিসেবে আটক রয়েছেন, তাদের একটি পূর্ণাঙ্গ ও হালনাগাদ তালিকা বিশেষভাবে প্রয়োজন।
আরও বলা হয়, লিগ্যাল এইড কমিটি দীর্ঘ সময় ধরে কারাগারে আটক এসব বন্দীর হালনাগাদ তথ্য জানতে ইচ্ছুক। প্রয়োজনীয় সহযোগিতা বা নির্দেশনা অনুসারে দেশের প্রত্যেক কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার বা জেল সুপাররা নিম্ন আদালতের কার্যক্রম চলমান থাকার কারণে সাত বছরের বেশি সময় ধরে আটক বন্দীদের তালিকা প্রস্তুত করে লিগ্যাল এইড অফিসকে অবহিত করলে দীর্ঘসূত্রতার কারণে আটক এসব অসচ্ছল বন্দীকে আইনি সহায়তা দেওয়া সম্ভব হতো।
কারা মহাপরিদর্শক বরাবরে পাঠানো চিঠির শেষাংশে বলা হয়, এ অবস্থায় বিচারের দীর্ঘসূত্রতার কারণে সাত বছরের বেশি সময় ধরে আটক সব হাজতি বন্দীদের তথ্য প্রেরণ করে অসচ্ছল আটক বন্দীদের আইনি অধিকার প্রাপ্তিতে সহায়তা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করা হয়।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে এর আগে গত বছরের ১৫ নভেম্বরে ১০ বছর ও পাঁচ বছরের বেশি সময় ধরে অনিষ্পন্ন মামলায় আটক বন্দীদের আলাদা করে পৃথক তালিকা দিতে কারা কর্তৃপক্ষের বরাবরে চিঠি পাঠানো হয়েছিল।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের সমন্বয়কারী রিপন পৌল স্কু প্রথম আলোকে বলেন, কারা মহাপরিদর্শকের পাশাপাশি দেশের ৬৮টি কারা কর্তৃপক্ষের বরাবর ডাকযোগে ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। প্রথম দফায় কারা কর্তৃপক্ষের পাঠানো তথ্যের ভিত্তিতে ১০ বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা ৫৮ জন এবং নয় বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা ১৯ জনের পক্ষে আইনি সহায়তা দেওয়া হয়। ৫৮ জনের মধ্যে ১৮ জন জামিন পান ও অন্যদের ক্ষেত্রে হাইকোর্ট বিচারিক আদেশ দেন। এই ১৮ জনের মধ্যে ইতিমধ্যে চারজন বিচারিক আদালতের রায়ে খালাস পেয়েছেন। অপর ১৯ জনের মধ্যে দুজন জামিন পান ও বাকিদের ক্ষেত্রের হাইকোর্ট বিচারিক আদেশ দেন।