ঢাকার গুলশানে কূটনৈতিক এলাকায় শুক্রবার রাতের সন্ত্রাসী হামলার পর প্রথম প্রতিক্রিয়ায় ‘ইসলামি উগ্রপন্থার’ ওপর নজর রাখা অনেক পর্যবেক্ষক বলেছেন, এমন ঘটনা পুরোপুরিভাবেই আগে থেকে অনুমান করা হয়েছিল।
বাংলাদেশে গত বছরজুড়ে শত্রু বলে বিবেচনা করা দেশি-বিদেশি মানুষের বিরুদ্ধে উগ্রবাদীদের সহিংসতা বেড়েছে। ধর্মনিরপেক্ষ ব্লগার, মৌলবাদের স্পষ্টবাদী সমালোচক, হিন্দু ও খ্রিষ্টানের মতো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, পুলিশ কর্মকর্তাসহ অন্যরা এসব সহিংসতার শিকার হয়েছেন। এগুলোর অধিকাংশ ছিল কম প্রযুক্তিসমৃদ্ধ হামলার ঘটনা।
তবে শুক্রবার গুলশানে চালানো হামলার ব্যাপকতা বিশাল। প্রাথমিক তথ্যে জানা যায়, হামলাকারী ছিলেন অন্তত পাঁচজন। তাঁদের কাছে ছিল যথেষ্ট স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড।
প্রায় দেড় বছর ধরে পশ্চিমা গোয়েন্দারা বাংলাদেশে বড় ধরনের হামলার বিষয়ে আশঙ্কা করে আসছিলেন। গত বছর কূটনৈতিক এলাকায় একটি জটিল হামলার পরিকল্পনার আভাসে বেশ আশঙ্কার সৃষ্টি হয়। বিদ্যমান জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ঢাকার ওপর পশ্চিমা দেশগুলো থেকে চাপ আসে। কিন্তু তেমনটা হয়নি। ব্যবস্থা নেওয়ার বদলে আওয়ামী লীগ সরকার এই পরিস্থিতি থেকে রাজনৈতিক সুবিধা আদায়ে সচেষ্ট ছিল। তারা উল্টো তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করেছে বা দেশে আইএস কিংবা আল-কায়েদার মতো কোনো গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি নেটওয়ার্কের অস্তিত্ব সরাসরি অস্বীকার করেছে।
শুক্রবার রাতে আইএস তাদের সঙ্গে সংশ্লিষ্ট আমাক বার্তা সংস্থার মাধ্যমে গুলশানে হামলার দায় স্বীকার করেছে। তবে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত নয়। নিজেদের কার্যকর সম্প্রসারণের ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে লক্ষ্যবস্তু বানিয়ে চলেছে আইএস ও আল-কায়েদা।
আইএস তার প্রচারণায় বারবার বাংলাদেশের নাম নিয়েছে। কিন্তু সংগঠনটির তৎপরতার কেন্দ্রস্থল মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের অবস্থান অনেক দূরে। তা ছাড়া দক্ষিণ এশিয়ায় আইএসের কখনোই দৃঢ় উপস্থিতি দেখা যায়নি।
২০১৪ সালে আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরি দক্ষিণ এশিয়ায় তাঁর সংগঠনের নতুন শাখা (আকিসা) খোলার ঘোষণা দেন। সংগঠনের তৎপরতা আফগানিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার কথা বলেন। এখনো আল-কায়েদা ঘোষণা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে। তা সত্ত্বেও গুলশানের হামলা তাদের দ্বারা অসম্ভব নয়।
নিরাপত্তা সক্ষমতা জোরদারে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তাৎপর্যপূর্ণ সম্পৃক্ততা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে সংঘটিত সহিংসতা গণমাধ্যমের দৃষ্টি কাড়লেও বিশ্বের নীতিনির্ধারকদের মনোযোগ খুব কমই আকৃষ্ট করেছে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ এশিয়া অঞ্চলে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে থাকা সত্ত্বেও নিরাপত্তা ক্ষেত্রে ওয়াশিংটন, লন্ডন বা অন্য কারও অগ্রাধিকার পায়নি বাংলাদেশ। এ সময়ে এ দেশের অর্থনীতি কিছুটা গুরুত্ব পেয়েছে। কিন্তু রাজনৈতিক ভিন্নমত, বহুত্ববাদ ও উদারপন্থার ক্ষেত্র সংকুচিত হয়ে আসার বিষয়ে নজর খুব কমই দেওয়া হয়েছে।
এ হামলার ঘটনা যেভাবেই শেষ হোক না কেন, বাংলাদেশে উগ্রবাদীদের হুমকির বিষয়টিকে উপেক্ষা করা ঢাকা ও আন্তর্জাতিক পর্যবেক্ষক উভয়ের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে।