অনিয়ম, বিড়ম্বনা সবই আছে লঞ্চে
লঞ্চের ছাদে ওঠার সিঁড়ি কেটে ফেলা হয়েছে। কিন্তু তার পরও থেমে ছিল না ছাদে যাত্রী ওঠা।সকাল থেকেই যেসব লঞ্চ সদরঘাট টার্মিনাল ছেড়ে যায়, তার প্রায় সব কটিতে ছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করতে দেখা যায়।বিভিন্ন লঞ্চের কর্মচারীরাই সাহায্য করেন ছাদে লোক ওঠানোর কাজে। কোনো লঞ্চে আগে কেটে ফেলা কাঠের সিঁড়ি জোড়া দিয়ে, কোনোটায় আবার বড় বড় ড্রামের ওপর দাঁড়িয়ে, আবার কিছু লঞ্চের রেলিং বেয়ে অবাধে ছাদে উঠে যাচ্ছে যাত্রী। ভোলাগামী এমভি লালী, আমতলী সৈকত-২, পয়সারহাট রুটের এমভি পয়সারহাট লঞ্চে ভাঙা সিঁড়ি পড়ে থাকতেও দেখা যায়। এসব বিষয়ে প্রশ্ন করলে লঞ্চ কর্তৃপক্ষ বলে, যাত্রীরা কোনো নিষেধ শুনতে চায় না।এভাবেই লঞ্চের ছাদে যাত্রী ওঠানো, ডেকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই, নৌকাযোগে আসা যাত্রীদের মাঝনদীতে ঝুঁকিপূর্ণভাবে তোলা, বাড়তি ভাড়া নেওয়া, সর্বোপরি ঘাটে ঘাটে যাত্রী দুর্ভোগ—সবই চলেছে। এ নিয়ে গতকাল শুক্রবার সদরঘাট টার্মিনাল ছিল সরগরম। নৌমন্ত্রীর আহ্বান: গতকাল সকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সদরঘাট টার্মিনালে এসে লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া এবং ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে যাত্রীদের প্রতি আহ্বান জানান। লঞ্চযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা না নিতে লঞ্চমালিকদের প্রতিও আহ্বান জানান তিনি।অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে অভিযোগ করা হলে মন্ত্রী বলেন, যদি কোনো লঞ্চ সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করে, তাহলে সেসব লঞ্চের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর ভিত্তিতে খোঁজ করলে ভান্ডারিয়াগামী এমভি আঁচল-১০-এর যাত্রী মিজানুর রহমান জানান, তাঁর কাছ থেকে ২৩০ টাকার স্থলে গতকাল ২৮০ টাকা নেওয়া হয়েছে।নৌপথে চলাচলকারী যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং চলাচলে সুবিধা নিশ্চিত করতে নৌমন্ত্রী গতকাল সকাল ১০টায় নতুন ‘যাত্রী সেবা কার্যক্রম’ উদ্বোধন করেন। এ কার্যক্রমে বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড ও বিআইডব্লিউটিএর ক্যাডেটরা যাত্রীদের সেবা দেবে। তারা ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে টার্মিনাল পর্যন্ত পাঁচটি পয়েন্টে যাত্রীদের সহায়তা করবে এবং লঞ্চের ছাদে না উঠতে উদ্বুদ্ধ করবে। পাঁচটি পয়েন্টে ১২ জন করে মোট ৬০ জন ক্যাডেট যাত্রীসেবায় নিয়োজিত থাকবে।উপচে পড়া ভিড়: গতকাল সাপ্তাহিক ছুটির দিনে ভোর থেকেই সদরঘাট টার্মিনালে আসতে থাকে শত শত মানুষ। বিভিন্ন লঞ্চের কর্মচারীদের সাহায্যে এক শ্রেণীর দালাল লঞ্চের ডেকে চাদর বিছিয়ে যাত্রীদের কাছে জায়গা বিক্রি করে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে চাদর পার্টির বিবাদও বাধে গতকাল। মিরপুর থেকে খুব সকালে সদরঘাট টার্মিনালে আসেন আবুল হাসান ও আবদুল কুদ্দুস। তাঁরা বরিশালগামী এমভি আঁচলে উঠে দেখেন, খালি চাদরে ডেক ভরে গেছে। একটি চাদর সরিয়ে বসতে গেলে চাদর পার্টির লোকেরা তেড়ে আসে। তারা যাত্রীপ্রতি ৫০ টাকা দাবি করে। ওই দুই যাত্রী টাকা দিতে অস্বীকার করলে দালালেরা তাদের ধাক্কা দিতে থাকে। পরে তাঁরা চিৎকার করতে থাকলে অন্য যাত্রীরা ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় দালালেরা।বিআইডব্লিউটিএ সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৭৪টি রুট থেকে লঞ্চ এসেছে ৭৪টি আর ঢাকা ছেড়ে গেছে ৪১টি। এ ছাড়া বিআইডব্লিউটিসি সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল সদরঘাট থেকে সন্ধ্যা ছয়টায় বরিশালের উদ্দেশে বিশেষ স্টিমার সার্ভিস শেলা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় মোরেলগঞ্জের উদ্দেশে পিএস টার্ন ছেড়ে যায়।