রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৮ সিন্ডিকেট সভার ২৫টির আলোচ্যসূচি ও সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখা গেছে, সভার মূল আলোচ্য বিষয় ছিল জনবল নিয়োগ। কিন্তু এ জনবল নিয়োগ নিয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে যত অভিযোগ। অভিযোগের মূল কারণ খোদ উপাচার্যের বিপুলসংখ্যক আত্মীয়ের নিয়োগ, পদোন্নতি এবং এ-সংক্রান্ত অনিয়ম। আর এসব নিয়েই বিশ্ববিদ্যালয়টিতে অস্থিরতা।নতুন এ বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) যে নির্দেশনা আছে, তা মানা হচ্ছে না। বিভিন্ন পদে প্রথমে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগ দিয়ে পরে শর্ত শিথিল করে তাঁদের স্থায়ী নিয়োগ দেওয়া হয়।এ বিষয়ে উপাচার্য আবদুল জলিল মিয়া বলেন, ইউজিসি অনুমোদন দেয় না বলেই অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হয়। আর ইউজিসির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়টিতে বর্তমান যে জনবল আছে, তার সব পদের অনুমোদন নেই।অনিয়ম ১. অনুসন্ধানে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মাজহারুল আনোয়ারকে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি উপাচার্যের ভায়রা। আইন অনুযায়ী, অনুষদের বিভিন্ন বিভাগের অধ্যাপকদের মধ্যে থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ডিন নিয়োগ দিতে হবে। অধ্যাপক না থাকলে জ্যেষ্ঠতম সহযোগী অধ্যাপক ডিন হবেন। কিন্তু গাজী মাজহারুলের বেলায় এ নিয়ম মানা হয়নি। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম ও আর এম হাফিজুর রহমান তাঁর জ্যেষ্ঠ ছিলেন। এ নিয়ে হাফিজুর রহমান ইউজিসিতে অভিযোগ করলে ইউজিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চায়।তবে উপাচার্য প্রথম আলোকে বলেন, সিন্ডিকেটের অনুমোদন নিয়েই এ নিয়োগ দেওয়া হয়েছে।অনিয়ম ২. চার বছর আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএসের সম্পদ ও পরিবেশবিষয়ক পরিচালক সৈয়দ শামসুজ্জামানকে সিন্ডিকেট সদস্য করা হয়। তিনি বিভিন্ন নিয়োগ বোর্ডেরও সদস্য। আইন অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি যে প্রতিষ্ঠান থেকে সিন্ডিকেট সদস্য মনোনীত হন, তিনি সেই প্রতিষ্ঠানে না থাকলে তাঁর সিন্ডিকেট সদস্যপদও থাকবে না। গত বছরের ৩১ মে আরডিআরএসে শামসুজ্জামানের চাকরির মেয়াদ শেষ হয় বলে নিশ্চিত করেন আরডিআরএসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সাবরিনা শমশাদ। অভিযোগ আছে, উপাচার্যের আস্থাভাজন হওয়ায় শামসুজ্জামান এখনো সিন্ডিকেট সদস্য ও নিয়মিত সিন্ডিকেট সভায় অংশ নিচ্ছেন।এ বিষয়ে উপাচার্য বলেন, বিষয়টি তিনি মৌখিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছেন।উপাচার্যের আত্মীয়করণ: ২০০৯ সালে উপাচার্যের আপন ভাই মাহাবুবার রহমানকে প্রথমে তৃতীয় শ্রেণীর কর্মচারী, পরে তাঁকে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই পদে নিয়োগের যোগ্যতা ছিল বাণিজ্য বিভাগ থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি। কিন্তু নিয়োগের শর্ত শিথিল করে ইসলামিক শিক্ষা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাহাবুবারকে চাকরি দেওয়া হয়। তাঁর এ সনদ বিতর্কিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার নামে করা গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা কর্মকর্তা উপাচার্যের মেয়ে রোমানা ফেরদৌস। উপাচার্য নিজেই এ গবেষণা প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব পালন করছেন।উপাচার্যের শ্যালিকার মেয়ে আরা তানজিয়া ইতিহাসের প্রভাষক, আরেক ভায়রা রেজাউল করিম শাহ সহকারী পরিচালক (অর্থ ও হিসাব), শ্যালক ওবায়দুর রহমান ও ভগ্নিপতি সালেক মিয়া অফিস সহকারী পদে নিয়োগ পেয়েছেন। কম্পিউটার অপারেটর পদে উপাচার্যের ছোট ভাইয়ের মেয়ে সীমা আক্তার, শ্যালিকার মেয়ে মনিরা খাতুন, বন্ধুর মেয়ে মোছা. স্যুভিনির ও মেয়ের বান্ধবী তহমিনা খাতুনকে নিয়োগ দেওয়া হয়। পরে মনিরা খাতুন, তহমিনা আফরোজ ও মোছা. স্যুভিনিরকে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্যের আরেক ভাই খাদেমুল বিশ্ববিদ্যালয়ের রাস্তা, কালভার্টসহ বিভিন্ন নির্মাণকাজ করেছেন।উপাচার্যের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের প্রায় ৩৫ জনকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ দেওয়া হয়েছে।আত্মীয়করণের বিষয়ে উপাচার্য বলেন, আত্মীয় যদি যোগ্য হন, তাহলে তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। পীরগঞ্জের লোক নিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, পীরগঞ্জ তো দেশের বাইরে নয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রকল্প পরিচালক হিসেবে একটি পাজেরো (রংপুর ঘ-১১-০০৪৭) এবং উপাচার্য হিসেবে আরেকটি গাড়ি (রংপুর গ-১১-০০-৭৪) ব্যবহার করছেন। এ নিয়ে নেতিবাচক আলোচনা আছে ক্যাম্পাসে।প্রশ্নবিদ্ধ নিয়োগ: সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, উপাচার্য তাঁর ব্যক্তিগত সচিব পদে ২০০৯ সালের জুলাই মাসে এ টি এম গোলাম ফিরোজকে প্রশাসনিক কর্মকর্তার পদমর্যাদায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন। ২৬ দিনের মাথায় তাঁকে অস্থায়ী ভিত্তিতে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।বর্তমানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলকে উপরেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়ার সময় তাঁর বয়স ও অভিজ্ঞতার শর্ত শিথিল করা হয়। এর আগে তিনি একটি বেসরকারি কলেজের প্রভাষক ছিলেন। তাঁর কোনো প্রশাসনিক কাজের অভিজ্ঞতা ছিল না।এ দুজন উপাচার্যের নিকটজন বলে পরিচিত। তাঁরাও তাঁদের আত্মীয়দের বিভিন্ন কৌশলে নিয়োগ দিয়েছেন।আইনে থাকলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চার বছরেও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও সিনেট সভা হয়নি। এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশের সংসদ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিশ্ববিদ্যালয়ের জন্য সিনেট সভা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এটি করা উচিত ছিল।জানতে চাইলে সিনেট সদস্য ও রংপুর-৫ আসনের সাংসদ আশিকুর রহমান বলেন, নিশ্চয়ই লুকানোর কিছু আছে বলে তিনি (উপাচার্য) সিনেট সভা ডাকেন না।